ট্রফি না নেওয়া বোর্ডের সিদ্ধান্ত, জানালেন ভারতের কোচ

নারী এশিয়া কাপ জিতেও মহসিন নাকভির হাত থেকে ট্রফি নেয়নি ভারত। বিতর্কের মধ্যেই এবার ভারতের কোচ অমল মজুমদার জানালেন, ট্রফি না নেওয়ার সিদ্ধান্তটি ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের। দল সেই অবস্থানের সঙ্গেই আছে।
রোববার দুবাইয়ে ফাইনালে শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে রেকর্ড অষ্টমবার এশিয়া কাপ জেতে ভারত। কিন্তু পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাঠেই আসেননি হরমনপ্রীত কৌররা। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে রাজি ছিল না ভারত। ফাইনালের আগেই নিজেদের অবস্থান এসিসিকে জানিয়েছিল বিসিসিআই।
ম্যাচের পর মজুমদার বলেন, ‘এই অবস্থান বিসিসিআই নিয়েছে এবং আমরা এর সঙ্গে আছি। আমাদের জন্য এই টুর্নামেন্ট শেষ। আমরা চ্যাম্পিয়ন, সেটাই যথেষ্ট।’
ভারতীয় কোচ আরও বলেন, ‘বড় পর্দায় লেখা ছিল ভারত এশিয়া কাপ ২০২৬-এর চ্যাম্পিয়ন। আমরা চ্যাম্পিয়ন হতে পেরে খুশি। এখন আমাদের নজর এশিয়ান গেমসে।’
ভারত কবে ট্রফি হাতে পাবে, সে বিষয়ে অবশ্য কোনো তথ্য দিতে পারেননি মজুমদার। তার ভাষায়, ‘এখনো কোনো খবর নেই। তাই এ বিষয়ে আমি উত্তর দিতে পারছি না।’
গত বছরের পুরুষ এশিয়া কাপেও একই ধরনের ঘটনা ঘটেছিল। পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর সূর্যকুমার যাদবের দল নকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায়। এবার নারী দলও একই অবস্থান নিয়েছে। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়াও জানিয়েছেন, নারী দলের সিদ্ধান্তটি বোর্ডের অবস্থানেরই ধারাবাহিকতা।
মাঠের পারফরম্যান্সে অবশ্য ভারত ছিল দাপুটে। ফাইনালে ৫ উইকেটে ১৮৩ রান করার পর শ্রীলঙ্কাকে ১১১ রানে গুটিয়ে দেয় তারা। স্মৃতি মান্ধানা ৫৯ ও শেফালি ভার্মা ৬৮ রান করেন। শ্রী চরণী নেন ৪ উইকেট, দীপ্তি শর্মা ৩টি।


