logo

৭৫ লাখের সারফরাজই এখন চেন্নাইয়ের ভরসা

৭৫ লাখের সারফরাজই এখন চেন্নাইয়ের ভরসা

আইপিএলে বড় দামে খেলোয়াড় কেনা নতুন কিছু নয়। কিন্তু মাঠের পারফরম্যান্স সবসময় সেই দামের প্রতিফলন দেয় না। চলতি মৌসুমের শুরুতেই সেটার স্পষ্ট উদাহরণ দেখা যাচ্ছে আইপিএলের দল চেন্নাই সুপার কিংসে।

কোটি কোটি রুপির ক্রিকেটার কেনার পরও মাত্র ৭৫ লাখ রুপিতে দলে নেওয়া সারফরাজ খানই এখন পর্যন্ত দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার। তিন ম্যাচে তার সংগ্রহ ৯৯ রান। গড় ৩৩, স্ট্রাইক রেট ২০০ ছাড়ানো। শুধু রান নয়, খেলার ধরনেও নজর কাড়ছেন তিনি।

সারফরাজকে অনেকেই ভেবেছিলেন স্কোয়াডের অতিরিক্ত বিকল্প। কিন্তু এখন তিনিই হয়ে উঠেছেন মিডল অর্ডারের ভরসা। স্পিন সামলানো থেকে শুরু করে দ্রুত রান তোলা, সব জায়গাতেই দেখা যাচ্ছে পরিপক্বতা।

অন্যদিকে, দলটির বড় বিনিয়োগ এখন প্রশ্নের মুখে। প্রায় ২৮ কোটির বিনিময়ে দলে আনা কার্তিক শর্মা ও প্রশান্ত ভীর এখনও প্রত্যাশা পূরণ করতে পারেননি।

কার্তিক শর্মা তিন ম্যাচে করেছেন মাত্র ২৫ রান। ব্যাট হাতে ছন্দ খুঁজে পাচ্ছেন না তিনি। এতে চাপ পড়ছে দলের অন্য ব্যাটারদের ওপর।

প্রশান্ত ভীরের অবস্থাও খুব আলাদা নয়। ব্যাট হাতে কিছুটা অবদান রাখলেও এখনও বল হাতে তাকে ব্যবহার করা হয়নি। ফলে একজন অলরাউন্ডার হিসেবে তার পূর্ণ মূল্য পাওয়া যাচ্ছে না।

এই পরিস্থিতি চেন্নাইয়ের দল গঠনের কৌশল নিয়েও প্রশ্ন তুলছে। বড় অঙ্কের বিনিয়োগ করেও যদি প্রত্যাশিত পারফরম্যান্স না পাওয়া যায়, তাহলে সেটি দলের ভারসাম্যে প্রভাব ফেলতেই পারে।

মৌসুমের শুরুতেই তাই এক অদ্ভুত বাস্তবতা সামনে এসেছে। সবচেয়ে কম দামের খেলোয়াড়ই হয়ে উঠেছেন দলের প্রধান ভরসা, আর দামি তারকারা এখনও নিজেদের প্রমাণের অপেক্ষায়।