শরিফুলের ৭ উইকেটের পরও অজিদের বড় লিড

শরিফুল ইসলামের দুর্দান্ত সাত উইকেটও অস্ট্রেলিয়ার বড় লিড ঠেকাতে পারল না। নাথান লায়নের কার্যকর ব্যাটিংয়ে ম্যাকাই টেস্টের প্রথম ইনিংসে ২১০ রান করেছে স্বাগতিকরা। বাংলাদেশের ৬৪ রানের জবাবে তাদের লিড ১৪৬ রানের।
দ্বিতীয় দিনের খেলা অস্ট্রেলিয়া শুরু করেছিল ৮ উইকেটে ১৬৫ রান নিয়ে। ক্যামেরন গ্রিন ৫১ ও লায়ন ১০ রানে অপরাজিত ছিলেন। দিনের শুরুতে এই দুজনের জুটি ভাঙতে বেশ অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশকে।
দলীয় ১৮৬ রানে গ্রিনকে ফিরিয়ে নিজের সপ্তম উইকেট তুলে নেন শরিফুল। তার ভেতরে ঢোকা বল গ্রিনের পায়ে লাগলেও প্রথমে আউট দেননি আম্পায়ার। বাংলাদেশের রিভিউয়ে সিদ্ধান্ত বদলে যায়। ১০৫ বলে ১০ চারে ৬৭ রান করেন গ্রিন।
এরপর শেষ উইকেটে লায়ন ও জশ হ্যাজলউড আরও ২৪ রান যোগ করেন। বিশেষ করে তাসকিন আহমেদের এক ওভার থেকে একটি ছক্কা ও চারসহ ১৭ রান নেন লায়ন। ৬২ বলে চারটি চার ও একটি ছক্কায় ৩২ রানে অপরাজিত থাকেন তিনি। হ্যাজলউড করেন ৬ রান।
শেষ পর্যন্ত হ্যাজলউডকে শাদমান ইসলামের ক্যাচ বানিয়ে অস্ট্রেলিয়ার ইনিংস থামান তাইজুল ইসলাম। ৫২ দশমিক ৩ ওভারে ২১০ রানে অলআউট হয় স্বাগতিকরা।
আগের দিন অস্ট্রেলিয়ার প্রথম তিন ব্যাটারকে ৪১ রানের মধ্যে ফিরিয়েছিল বাংলাদেশ। এরপর স্টিভ স্মিথ ও গ্রিনের ৭৭ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। স্মিথ করেন ৪২ রান। ট্রাভিস হেডের ব্যাট থেকে আসে ২২ রান।
১৫ ওভারে তিনটি মেডেনসহ ৪৮ রান দিয়ে ৭ উইকেট নিয়েছেন শরিফুল। একটি করে উইকেট পেয়েছেন তাসকিন, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল।



-691a0c.webp)