logo

বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার

বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। ছবি: গেটি ইমেজ

বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠের ওয়ানডে সিরিজে পূর্ণ শক্তির দলই নামাচ্ছে অস্ট্রেলিয়া। অধিনায়ক সোফি মলিনিউকে রেখেই ১৪ সদস্যের দল ঘোষণা করেছে তারা। যদিও নিতম্বের চোট থেকে সেরে ওঠার পথে থাকা মলিনিউয়ের খেলা এখনো পুরোপুরি নিশ্চিত নয়।

৯ অক্টোবর ব্রিসবেনের অ্যালান বর্ডার ফিল্ডে শুরু হবে বাংলাদেশ–অস্ট্রেলিয়ার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একই ভেন্যুতে পরের দুই ম্যাচ ১১ ও ১৪ অক্টোবর।

মলিনিউ দীর্ঘদিন ধরেই চোট সমস্যায় ভুগছেন। সর্বশেষ নিতম্বের চোটের কারণে তার ফিটনেস নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, সিরিজে তার অংশগ্রহণের বিষয়টি পর্যবেক্ষণে রাখা হবে।

অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচক শন ফ্লেগলার বলেন, “সোফিকে দলে রাখা হয়েছে, তবে সে নিতম্বের চোট সামলাচ্ছে। তাই আগামী কয়েক দিনে সিরিজে তার অংশগ্রহণের বিষয়টি মূল্যায়ন করা হবে।”

দলে থাকছেন অ্যাশ গার্ডনার, তাহলিয়া ম্যাকগ্রা, বেথ মুনি, এলিস পেরি, মেগান শাট, অ্যানাবেল সাদারল্যান্ড, ফিবি লিচফিল্ড ও জর্জিয়া ওয়ারহামের মতো নিয়মিত মুখরা।

তবে চোটের কারণে নেই ডার্সি ব্রাউন। ভারত সফরে অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে খেলে দেশে ফেরার পর তার পিঠে চোট ধরা পড়েছে। আর লুসি হ্যামিল্টন উরুর পেশির চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না। তাকে রাখা হয়েছে কেবল নিউজিল্যান্ডের বিপক্ষে পরের টি-টোয়েন্টি সিরিজের দলে।

অস্ট্রেলিয়ার ১৪ সদস্যের দলে জায়গা হয়নি গ্রেস হ্যারিসেরও। তবে ভবিষ্যৎ পরিকল্পনায় তিনি আছেন বলে জানিয়েছেন নির্বাচকরা।

বাংলাদেশ সিরিজের পরই নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। ম্যাচগুলো হবে ১৮, ২০ ও ২২ অক্টোবর, সিডনির নর্থ সিডনি ওভালে।

অস্ট্রেলিয়া দল: নিকোলা কেরি, অ্যাশ গার্ডনার, কিম গার্থ, লুসি হ্যামিল্টন, অ্যালানা কিং, ফিবি লিচফিল্ড, তাহলিয়া ম্যাকগ্রা, সোফি মলিনিউ, বেথ মুনি, এলিস পেরি, মেগান শাট, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ভল ও জর্জিয়া ওয়ারহাম।