আর্জেন্টিনা-স্পেন ফাইনালের রেফারিকে সতর্ক করলেন স্প্যানিশ কোচ

আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনালে রেফারিকে কোনো ধরনের অতিরিক্ত ছাড় না দেওয়ার আহ্বান জানিয়েছেন লুইস দে লা ফুয়েন্তে। স্পেন কোচের চাওয়া, ম্যাচের শুরু থেকেই নিয়মের সীমা কঠোরভাবে নিয়ন্ত্রণ করবেন স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচ।
স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তকে দেওয়া সাক্ষাৎকারে ফাইনালের রেফারিং নিয়ে কথা বলেন দে লা ফুয়েন্তে। তার মতে, বিশ্বকাপের মতো বড় ম্যাচে শারীরিক লড়াই স্বাভাবিক। তবে সেটি যেন ফুটবলের নিয়মের সীমা অতিক্রম না করে।
দে লা ফুয়েন্তে বলেন, ‘রেফারি অতিরিক্ত ছাড় দিতে পারেন না এবং নিয়মের বাইরে কিছু ঘটতে দিতে পারেন না। ফুটবলের বৈধতার যে সীমা রয়েছে, সেটি অতিক্রম করতে দেওয়া যাবে না।’
তবে রেফারির নিরপেক্ষতা নিয়ে কোনো সংশয় নেই স্পেন কোচের। বরং ম্যাচ পরিচালকদের ওপর নিজের পূর্ণ আস্থা থাকার কথাও জানিয়েছেন তিনি।
দে লা ফুয়েন্তে বলেন, ‘রেফারিদের ওপর আমার অন্ধ বিশ্বাস রয়েছে। একই সঙ্গে আমাদের দল কী ধরনের ম্যাচ খেলতে চায়, সেটিও আমরা পরিষ্কারভাবে জানি।’
ফাইনালে দায়িত্ব পাওয়া ভিনচিচের সঙ্গে আর্জেন্টিনার তিক্ত স্মৃতি রয়েছে। কাতার বিশ্বকাপে সৌদি আরবের কাছে আর্জেন্টিনার ২-১ গোলের হারের ম্যাচটিও পরিচালনা করেছিলেন তিনি। তবে স্পেন তার পরিচালনায় খেলা পাঁচ ম্যাচের একটিতেও হারেনি। তিনটি জয়ের সঙ্গে দুটি ম্যাচ ড্র করেছে স্প্যানিশরা।
ফাইনালে আর্জেন্টিনা নিয়মের বাইরে গিয়ে খেলতে পারে কি না, এমন প্রশ্নে অবশ্য বিতর্ক তৈরির সুযোগ দেননি দে লা ফুয়েন্তে। আর্জেন্টিনাকে ‘নোংরা ফুটবল’ খেলা দল হিসেবেও মানতে রাজি নন তিনি।
স্পেন কোচ বলেন, ‘এমন কিছু ভাবার প্রশ্নই আসে না। সবার মতামতকে আমি সম্মান করি। কোপা আমেরিকা, ফিনালিসিমা ও বিশ্বকাপজয়ী একটি দলের প্রতি আমার অসাধারণ শ্রদ্ধা রয়েছে। তাদের কোচও আমার বন্ধু। আর্জেন্টিনার জন্য আমার কেবল প্রশংসা ও স্বীকৃতিই রয়েছে।’
তবে নিজের খেলোয়াড়দের তর্ক কিংবা উসকানির মধ্যে না জড়ানোর নির্দেশ দিয়েছেন দে লা ফুয়েন্তে। একই সঙ্গে তিনি পরিষ্কার করে দিয়েছেন, এর মাধ্যমে আর্জেন্টিনা উসকানি দেবে এমন অভিযোগ করছেন না।
তিনি বলেন, ‘আমরা ফুটবলের মধ্যে থাকলেই স্বচ্ছন্দ বোধ করি। নিজেদের খেলার ধরনে বিশ্বাস রাখতে হবে এবং কোনো ধরনের তর্ক বা উসকানিতে জড়ানো যাবে না। তার অর্থ এই নয় যে আর্জেন্টিনা এমন কিছু করবে।’
দে লা ফুয়েন্তের মতে, আর্জেন্টিনা নিজেদের পরিচিত ফুটবলই খেলবে। স্পেনের কাজ হবে প্রতিপক্ষের পরিকল্পনা নিয়ে অতিরিক্ত না ভেবে নিজেদের শক্তি কাজে লাগানো। বলের দখল রাখা, শৃঙ্খলাবদ্ধভাবে চাপ প্রয়োগ এবং দ্রুত বল পুনরুদ্ধার করাকেই দলের প্রধান শক্তি হিসেবে দেখছেন তিনি।
স্পেন কোচ সতর্ক করে বলেন, ‘তারা নিজেদের ফুটবল খেলবে। কিন্তু আমাদের পুরো মনোযোগ থাকতে হবে নিজেদের খেলায়, নিজেদের ধরনকে আরও শক্তিশালী করার দিকে। আমরা যদি নিজেদের ধারণা ও খেলার মডেল থেকে সরে যাই, তাহলে ভুগতে হবে।’
ম্যাচের মান ধরে রাখার দায়িত্ব রেফারিরও রয়েছে বলে মনে করেন দে লা ফুয়েন্তে। তার প্রত্যাশা, ছোটখাটো ঘটনাগুলোও যথাযথভাবে নিয়ন্ত্রণ করে ফাইনালকে ফুটবলের লড়াই হিসেবেই রাখবেন ভিনচিচ।
বাংলাদেশ সময় সোমবার রাত ১টায় নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন।
.png)






