logo
Advertisement

রেকর্ড ১১ সেভ করেও ‘দিবুর’ হৃদয়ভাঙা হার

রেকর্ড ১১ সেভ করেও ‘দিবুর’ হৃদয়ভাঙা হার
অশ্রুসিক্ত মার্তিনেজ। ছবি: সংগৃহীত

স্কোরলাইন বলছে স্পেন ১, আর্জেন্টিনা ০। কিন্তু আর্জেন্টিনার রক্ষণের অতন্দ্র প্রহরী এমিলিয়ানো মার্তিনেজ না থাকলে ব্যবধানটি আরও বড় হতে পারত। বিশ্বকাপ ফাইনালের রেকর্ড ১১টি সেভ করেও শেষ পর্যন্ত আর্জেন্টিনাকে টানা দ্বিতীয় শিরোপা এনে দিতে পারেননি দিবু।

পুরো ম্যাচে স্পেন ২০টি শট নেয়, যার ১২টি ছিল লক্ষ্যে। একের পর এক ১১টি প্রচেষ্টা ফিরিয়ে দেন আর্জেন্টাইন গোলরক্ষক। বিপরীতে আর্জেন্টিনা কোনো শটই লক্ষ্যে রাখতে পারেনি।

নির্ধারিত সময়ের শেষ দিকে নিকো উইলিয়ামসের জোরালো শট ঠেকিয়ে ফাইনালের আগের সেভের রেকর্ড ভাঙেন ডিবু। এরপর যোগ করা সময়ে লামিন ইয়ামালের ফ্রি-কিক দারুণভাবে প্রতিহত করে ম্যাচ নিয়ে যান অতিরিক্ত সময়ে। সেখানে নিকোর গ্লান্সিং হেডও আঙুলের ডগায় ঠেকিয়ে দেন তিনি।

১৯৬৬ সাল থেকে সংরক্ষিত বিশ্বকাপ পরিসংখ্যানে কোনো ফাইনালে গোলরক্ষকের সর্বোচ্চ সেভ এখন দিবুর ১১টি। আগের রেকর্ড ছিল আটটি, যা হয়েছিল ১৯৯৪ সালের ব্রাজিল-ইতালি ফাইনালে।

তবে ১০৬ মিনিটে আর প্রতিরোধ ধরে রাখতে পারেননি দিবু। পেদ্রো পোরোর ক্রস নিকো উইলিয়ামস মাথায় নামিয়ে দিলে বাঁ পায়ের শক্তিশালী শটে বল জালে পাঠান ফেরান তোরেস। ম্যাচে স্পেনের লক্ষ্যে থাকা ১২তম শটটিই শেষ পর্যন্ত দিবুকে পরাস্ত করে।

২০২২ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার জয়ের অন্যতম নায়ক ছিলেন ডিবু। চার বছর পর আরেকটি ফাইনালে ব্যক্তিগতভাবে ইতিহাস গড়লেন তিনি। তবে এবার রেকর্ডের পাশে থেকে গেল শিরোপা হারানোর বেদনা।