‘এখনও কাঁপছি’, মেসির সঙ্গে গোল উদযাপন করা সাংবাদিক

এশিয়া পোস্ট স্পোর্টস
‘এখনও কাঁপছি’, মেসির সঙ্গে গোল উদযাপন করা সাংবাদিক
মেসির সঙ্গে গোল উদযাপন করা সাংবাদিক হোয়াকিন ব্রুনো। ছবি : সংগৃহীত

অস্ট্রিয়ার সঙ্গে লিওনেল মেসির করা দ্বিতীয় গোল উদযাপনে হঠাৎই অংশ হয়ে গেলেন এক সাংবাদিক। আর্জেন্টাইন অধিনায়কের সঙ্গে সেই স্মরণীয় মুহূর্তের অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেছেন, ‘আমি এখনও কাঁপছি।’

Advertisement

নির্ধারিত ৯০ মিনিটের পর যোগ করা সময়ও প্রায় শেষ। এমন মুহূর্তে পাল্টা আক্রমণে উঠে আসে আর্জেন্টিনা। প্রথমে লিওনেল মেসির শট ফিরিয়ে দেন প্রতিপক্ষ গোলরক্ষক। তবে ফিরতি বলে আর ভুল করেননি আর্জেন্টাইন মহাতারকা। বাঁ পায়ের জোরালো শটে বল জালে জড়িয়ে নিজের দ্বিতীয় ও বিশ্বকাপে ১৮তম গোলটি করেন তিনি।

গোলের পর উচ্ছ্বাসে ছুটে যান উদযাপনে। সতীর্থরা ঘিরে ধরার আগেই গোলবারের পেছনে থাকা এক সাংবাদিকের সঙ্গে হাত মিলিয়ে উদযাপন করেন মেসি। সেই মুহূর্তের ছবি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

মেসির সঙ্গে উদযাপন করা ওই সাংবাদিকের নাম হোয়াকিন ব্রুনো। আর্জেন্টিনার ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম ও সম্প্রচার চ্যানেল টিওয়াইসি স্পোর্টসের হয়ে কাজ করেন তিনি। ম্যাচ শেষে নিজের অনুভূতি জানিয়ে এক কলামে ব্রুনো বলেন, ঘটনাটি এখনও তার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে। ব্রুনোর ভাষ্য, ‘আমি এখনও কাঁপছি, যেন ঘোর কাটিয়ে উঠতে পারছি না। ম্যাচটি ছিল কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তখন আমি গোলপোস্টের পেছনে একা ছিলাম এবং প্রচণ্ড নার্ভাস অনুভব করছিলাম।’

মেসির সঙ্গে গোল উদযাপনে হঠাৎই অংশ নেন সাংবাদিক হোয়াকিন ব্রুনো। ছবি : সংগৃহীত
মেসির সঙ্গে গোল উদযাপনে হঠাৎই অংশ নেন সাংবাদিক হোয়াকিন ব্রুনো। ছবি : সংগৃহীত

সেই মুহূর্তের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ‘৯৫তম মিনিটে ঘটনাটি ঘটে। কয়েক দফা চেষ্টার পর মেসি গোল করেন। আমি মাত্র কয়েক মিটার দূরে ছিলাম। অন্য যেকোনো সমর্থকের মতো আমিও আনন্দে চিৎকার করছিলাম।’

এরপরই আসে জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত। ব্রুনো বলেন, ‘হঠাৎ দেখলাম লিও আমার দিকে এগিয়ে আসছে। সে আমার দিকে তাকিয়ে ছিল। এরপর এসে আমাকে হাই-ফাইভ দেয়। একজন আর্জেন্টাইন ফুটবল সমর্থক এবং মেসির ভক্ত হিসেবে সেই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন।’ তিনি আরও বলেন, ‘এই মুহূর্ত এবং ছবিটি সারাজীবন আমার সঙ্গে থাকবে। ঘটনার কয়েক মিনিটের মধ্যেই আমার ফোনে সেই ছবির অসংখ্য বার্তা আসতে শুরু করে।’

এদিকে মেসির সঙ্গে এই আকস্মিক উদযাপনের ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই ব্রুনোকে ‘বিশ্বের সবচেয়ে সৌভাগ্যবান সাংবাদিকদের একজন’ বলে মন্তব্য করেছেন।

সূত্র: টিওয়াইসি স্পোর্টস