ফ্রান্সকে হারিয়ে আবেগ ধরে রাখতে পারছেন না স্পেন কোচ

এশিয়া পোস্ট স্পোর্টস
ফ্রান্সকে হারিয়ে আবেগ ধরে রাখতে পারছেন না স্পেন কোচ
স্প্যানিশ কোচ দে লা ফুয়েন্তে। ছবি: গেটি ইমেজ

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার পর নিজের দলকে বিশ্বের সেরা হিসেবে ঘোষণা করলেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। তার মতে, ফরাসিরা বিশ্বের অন্যতম শক্তিশালী দল হলেও ডালাসে তাদের সামনে ছিল এই মুহূর্তের সেরা দলটি।

মঙ্গলবার সেমিফাইনালে মিকেল ওইয়ারসাবাল ও পেদ্রো পোরোর গোলে ফ্রান্সকে ২-০ ব্যবধানে হারায় স্পেন। ২০১০ সালের পর প্রথমবার বিশ্বকাপের ফাইনালে উঠেছে তারা।

ম্যাচের পর আবেগ ধরে রাখতে কষ্ট হচ্ছিল দে লা ফুয়েন্তের। খেলোয়াড়দের প্রতিভা, দায়বদ্ধতা ও দলীয় মানসিকতায় গর্বিত স্পেন কোচ জানান, বিশ্বের অন্যতম সেরা একটি দলকে তারা নিজেদের স্বাভাবিক খেলাই খেলতে দেননি।

দে লা ফুয়েন্তে বলেন, ফ্রান্স যে বিশ্বের অন্যতম সেরা দল, সেটি তারা ম্যাচের আগেই আলোচনা করেছিলেন। কিন্তু ফরাসিদের সামনে ছিল বিশ্বের সেরা দল। তার খেলোয়াড়েরা কঠিন কাজকেও সহজ করে দেখাচ্ছেন।

বিশ্বকাপ ফাইনালে পৌঁছানোকে বিশেষ কিছু মনে করছেন স্পেন কোচ। তার ভাষায়, এই মঞ্চ সবার জন্য নয়। এখানে পৌঁছাতে হলে নির্বাচিতদের একজন হতে হয় এবং এত বড় অর্জনের দায়িত্বও ঠিকভাবে উপলব্ধি করতে হয়।

স্পেনের বর্তমান দলের মধ্যে ২০১০ বিশ্বকাপজয়ী দলের মানসিকতার ছায়াও দেখতে পাচ্ছেন তিনি। ম্যাচের পর যেসব ফুটবলার খেলার সুযোগ পাননি, তারাও মাঠে থেকে অনুশীলন করেছেন। দে লা ফুয়েন্তের মতে, এই ঘটনাই দলটির ভেতরের দায়বদ্ধতা ও ঐক্যের সবচেয়ে বড় প্রমাণ।

তবে জয়ের রাতেও রেফারিং নিয়ে অসন্তোষ লুকাননি তিনি। স্পেন কোচের অভিযোগ, ফরাসি ফুটবলারদের বেশ কয়েকটি কঠিন চ্যালেঞ্জের ক্ষেত্রে রেফারি প্রয়োজনের তুলনায় বেশি ছাড় দিয়েছেন।

রোববার নিউ জার্সিতে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্যে মাঠে নামবে স্পেন। তাদের প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার সেমিফাইনালের বিজয়ী।