logo

বিশ্বকাপ ফাইনালে প্রথম হাফটাইম শো, মঞ্চে তারার মেলা

বিশ্বকাপ ফাইনালে প্রথম হাফটাইম শো, মঞ্চে তারার মেলা
ছবি: রয়টার্স

মাঠে লিওনেল মেসি ও লামিন ইয়ামাল, বিরতিতে ম্যাডোনা, শাকিরা, জাস্টিন বিবার ও বিটিএস। আর্জেন্টিনা ও স্পেনের শিরোপার লড়াইয়ের মধ্যেই বিশ্বকাপ ইতিহাসের প্রথম ফাইনাল হাফটাইম শো আয়োজন করতে যাচ্ছে ফিফা।

নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামের মাঠে ১১ মিনিটের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ম্যাডোনা, শাকিরা, জাস্টিন বিবার ও দক্ষিণ কোরিয়ার ব্যান্ড বিটিএস। তাদের সঙ্গে থাকবেন নাইজেরিয়ান সংগীতশিল্পী বার্না বয় ও ভেনেজুয়েলার কন্ডাক্টর গুস্তাভো দুদামেল।

কোল্ডপ্লের ক্রিস মার্টিন পুরো অনুষ্ঠানটির কিউরেটর। পিএস২২ কোরাসের সঙ্গে পরিবেশনায় অংশ নেবে কোল্ডপ্লেও। নিউইয়র্ক ফিলহারমনিক ও ভেনেজুয়েলার সিমন বলিভার সিম্ফনি অর্কেস্ট্রার সদস্যদের নিয়ে যৌথ দল পরিচালনা করবেন দুদামেল।

এ ছাড়া গেটো কিডস, ইমানুয়েল কেলি এবং সেসামি স্ট্রিটের কারমিট ও মিস পিগিসহ মাপেট চরিত্রগুলোও অনুষ্ঠানে থাকবে। শাকিরা ও বার্না বয় এবারের বিশ্বকাপের আনুষ্ঠানিক গান ‘দাই দাই’ পরিবেশন করবেন।

হাফটাইম শোটি প্রযোজনা করছে গ্লোবাল সিটিজেন। সহযোগিতায় আছে লাইভ নেশন ও ডান অ্যান্ড ডাস্টেড। আয়োজনের সঙ্গে যুক্ত ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডের লক্ষ্য শিক্ষা ও ফুটবলে শিশুদের প্রবেশাধিকার বাড়াতে ১০ কোটি ডলার সংগ্রহ করা। এরই মধ্যে পাঁচ কোটির বেশি ডলার ওঠার কথা জানিয়েছে আয়োজকেরা। বিশ্বকাপের প্রতিটি বিক্রীত টিকিট থেকে এক ডলার এই তহবিলে দেওয়ার ঘোষণা রয়েছে।

আলোচনা অবশ্য শুধু শিল্পীদের নিয়ে নয়। ফুটবলে সাধারণত বিরতি সর্বোচ্চ ১৫ মিনিটের। আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের আইনেও সেই সীমাই উল্লেখ করা আছে। কিন্তু মঞ্চ বসানো, ১১ মিনিটের অনুষ্ঠান এবং সরঞ্জাম সরিয়ে মাঠ আবার খেলার উপযোগী করতে বিরতি দীর্ঘ হওয়ার সম্ভাবনা রয়েছে।

সম্প্রচারসংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মঞ্চ প্রস্তুত ও সরাতে প্রায় সাত মিনিট করে সময় লাগতে পারে। ফলে প্রচলিত ১৫ মিনিটের বিরতি ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। পুরো বিরতি ঠিক কত মিনিট হবে এবং নিয়মের সঙ্গে সেটির সমন্বয় কীভাবে করা হবে, তা এখনো স্পষ্ট করেনি ফিফা।

ম্যাচের মাঝে দীর্ঘ বিরতি খেলোয়াড়দের শরীর ঠান্ডা হয়ে যাওয়া এবং দ্বিতীয়ার্ধের প্রস্তুতির রুটিন ব্যাহত হওয়ার প্রশ্নও তুলেছে। ফুটবলের ঐতিহ্যের মধ্যে সুপার বোলধাঁচের বিনোদন ঢুকিয়ে দেওয়াকে বাণিজ্যিক বাড়াবাড়ি মনে করছেন অনেক সমর্থক। ফিফা অবশ্য এটিকে ফুটবল, সংগীত ও সামাজিক উদ্যোগকে একই মঞ্চে আনার ঐতিহাসিক আয়োজন হিসেবে তুলে ধরছে।

বাংলাদেশ সময় সোমবার রাত ১টায় শুরু হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল। প্রথমার্ধ স্বাভাবিকভাবে শেষ হলে রাত ১টা ৪৫ মিনিটের পর শুরু হওয়ার কথা হাফটাইম শোর।