এবারের বিশ্বকাপ ইংল্যান্ড জিতুক, প্রত্যাশা ট্রাম্প প্রশাসনের

ফিফা বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ যুক্তরাষ্ট্র শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে। তবে নিজেদের দল ছিটকে পড়লেও টুর্নামেন্টে নতুন পছন্দের দল বেছে নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্কফোর্সের প্রধান এবং ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা অ্যান্ড্রু জুলিয়ানি জানিয়েছেন, এবারের বিশ্বকাপ ইংল্যান্ড জিতুক—এটাই তাদের প্রত্যাশা।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে জুলিয়ানি বলেন, যুক্তরাষ্ট্র যদি আমাদের ২৫০তম স্বাধীনতা বার্ষিকীতে বিশ্বকাপ জিততে না-ই পারে, তাহলে সেই উদযাপনের মধ্যেই ইংল্যান্ডের আমেরিকায় এসে ট্রফি জেতা হবে দারুণ একটি গল্প।
বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড, আর্জেন্টিনা, ফ্রান্স ও স্পেন। কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে ওঠে টমাস টুখেলের দল। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
তবে বাকি চার দলের মধ্যে ইংল্যান্ডকেই এগিয়ে রাখছেন জুলিয়ানি। তিনি বলেন, আমার জানা মতে, ইংল্যান্ডের জন্য এটি ৬০ বছরের দীর্ঘ অপেক্ষার গল্প। তারা যদি এবার শিরোপা জিততে পারে, সেটি হবে অসাধারণ এক অর্জন। আমি বিশ্বাস করি, টিকে থাকা দলগুলোর মধ্যে ইংল্যান্ড অন্যতম সেরা এবং তারা পুরো পথ পাড়ি দিয়ে চ্যাম্পিয়ন হতে পারবে।
জুলিয়ানি আরও জানান, প্রেসিডেন্ট ট্রাম্প ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেনের পারফরম্যান্স নিয়মিত অনুসরণ করছেন। তার ভাষ্য, গত সপ্তাহে ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট ট্রাম্প হ্যারি কেনকে অসাধারণ খেলোয়াড় ও চমৎকার মানুষ বলে উল্লেখ করেছিলেন। তিনি কেনের খেলা দেখছেন।
ট্রাম্পের ফুটবলের প্রতি আগ্রহের বিষয়টিও তুলে ধরেন জুলিয়ানি। তিনি বলেন, কয়েক বছর আগে ট্রাম্পের সঙ্গে গলফ খেলার সময় সাবেক ইংলিশ তারকা ওয়েইন রুনিও উপস্থিত ছিলেন। তার মতে, ছোট ছেলে ব্যারন ট্রাম্পের কারণেই ফুটবলের প্রতি ট্রাম্পের আগ্রহ ও বোঝাপড়া বেড়েছে।
হ্যারি কেনকে ইংল্যান্ডের সাফল্যের মূল চালিকাশক্তি উল্লেখ করে জুলিয়ানি বলেন, কেন যদি দলকে শিরোপা জেতাতে পারে, সেটি অবাক করার মতো কিছু হবে না। সে এবং জুড বেলিংহাম দুজনই অসাধারণ ফুটবলার।
ইংল্যান্ড দল সম্পর্কে নিজের মূল্যায়নে তিনি বলেন, দলটি খুবই ভারসাম্যপূর্ণ। খেলোয়াড়দের বিশ্বাস করতে হবে যে বিশ্বকাপ জয়ের সামর্থ্য তাদের রয়েছে এবং কোচেরও সেই আত্মবিশ্বাস তাদের মধ্যে তৈরি করা উচিত।
এদিকে ট্রাম্পের প্রশংসার প্রতিক্রিয়ায় হ্যারি কেনও পুরোনো একটি স্মৃতির কথা উল্লেখ করেছেন। তিনি জানান, ২০২৪ সালের শেষ দিকে ফ্লোরিডার পাম বিচে ট্রাম্পের আমন্ত্রণে তার সঙ্গে গলফ খেলার সুযোগ হয়েছিল।
বুধবার বিশ্বকাপের সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইংল্যান্ড।





