ফ্রান্সেরই আমাদেরকে ভয় পাওয়া উচিত: ইয়ামাল

এশিয়া পোস্ট স্পোর্টস
ফ্রান্সেরই আমাদেরকে ভয় পাওয়া উচিত: ইয়ামাল
লামিনে ইয়ামাল। ছবি: সংগৃহীত

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে দাপুটে দলগুলোর একটি ফ্রান্স। ছয় ম্যাচে ১৬ গোল করেছে তারা, টানা তৃতীয়বার ফাইনালে ওঠার অপেক্ষায় কিলিয়ান এমবাপ্পেরা। কিন্তু এসব পরিসংখ্যানে মোটেও ভীত নন লামিনে ইয়ামাল। স্পেনের তরুণ তারকার দাবি, সেমিফাইনালের আগে ভয় পাওয়ার কথা বরং ফ্রান্সেরই।

বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করার পর ফ্রান্সকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন ইয়ামাল।

তিনি বলেন, ‘কাউকে ভয় পেতে হলে ফ্রান্সেরই আমাদের ভয় পাওয়া উচিত। এর আগেও আমরাই তাদের বিদায় করেছি।’

সাম্প্রতিক সময়ে ফ্রান্সের বিপক্ষে স্পেনের সাফল্যই ইয়ামালের আত্মবিশ্বাসের বড় কারণ। ইউরো ২০২৪-এর সেমিফাইনালে ফ্রান্সকে ২-১ গোলে হারিয়েছিল স্পেন। সেই ম্যাচে দুর্দান্ত বাঁকানো শটে গোল করে ইউরোর ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা হয়েছিলেন ইয়ামাল।

পরের বছর উয়েফা নেশনস লিগের সেমিফাইনালেও মুখোমুখি হয়েছিল দুই দল। নয় গোলের রোমাঞ্চকর ম্যাচে ফ্রান্সকে ৫-৪ ব্যবধানে হারায় স্পেন। সেদিন জোড়া গোল করেছিলেন ইয়ামাল। বিশ্বকাপের সেমিফাইনালেও সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে চান তিনি।

ইয়ামালের ভাষায়, ‘আমরা কাউকে ভয় পাই না।’

ফ্রান্সকে এবারের বিশ্বকাপের অন্যতম সেরা দল হিসেবে মানলেও নিজেদের পিছিয়ে রাখছেন না স্পেনের তরুণ ফরোয়ার্ড। তার চোখে, স্পেন ও ফ্রান্সই টুর্নামেন্টের সেরা দুই দল। তাই ম্যাচটি নিয়ে বিশ্বকাপের শুরু থেকেই আগ্রহ ছিল তাঁর।

বেলজিয়ামের বিপক্ষে গোল কিংবা গোলের সহায়তা না থাকলেও ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন ইয়ামাল। তার তৈরি করা আক্রমণ থেকেই স্পেনের প্রথম গোলের সুযোগ আসে। শেষ পর্যন্ত বদলি হিসেবে নামা মিকেল মেরিনোর ৮৮ মিনিটের গোলে ২০১০ সালের পর প্রথমবার বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে স্পেন।

নিজের প্রথম বিশ্বকাপে এখন পর্যন্ত একটি গোল করেছেন ইয়ামাল। ছয় ম্যাচ খেলে বিশ্বকাপে ১৮ বছর বা তার কম বয়সী ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ ম্যাচ খেলার নতুন রেকর্ডও গড়েছেন তিনি। গোলের সংখ্যা কম হলেও সেটি নিয়ে উদ্বিগ্ন নন বার্সেলোনা তারকা। ইউরো জয়ের পথেও মাত্র একটি গোল করেছিলেন তিনি।

ফ্রান্সের বিপক্ষে স্পেনের পরিকল্পনারও আভাস দিয়েছেন ইয়ামাল। ফরাসিরা শারীরিকভাবে শক্তিশালী এবং সুযোগ পেলে দ্রুত আক্রমণে ওঠে। তাই বলের দখল ধরে রেখে প্রতিপক্ষকে নিজেদের স্বাভাবিক খেলা থেকে দূরে রাখতে চান স্প্যানিশরা।

সেমিফাইনালের আগের দিন ১৯ বছরে পা রাখবেন ইয়ামাল। জন্মদিনের পরদিনই সামনে এমবাপে ও ফ্রান্স। ইয়ামালের আত্মবিশ্বাস বলছে, উপলক্ষটি স্মরণীয় করে রাখার প্রস্তুতিই নিচ্ছেন তিনি।