ঘুরে দাঁড়ানোর ম্যাচে উজবেকিস্তানের সামনে রোনালদোর পর্তুগাল

এশিয়া পোস্ট স্পোর্টস
ঘুরে দাঁড়ানোর ম্যাচে উজবেকিস্তানের সামনে রোনালদোর পর্তুগাল
পর্তুগাল দল। ছবি: সংগৃহীত

লিওনেল মেসির রেকর্ডগড়া রাতের পর এবার নজর ক্রিশ্চিয়ানো রোনালদোর দিকে। বিশ্বকাপের গ্রুপ ‘কে’-তে আজ উজবেকিস্তানের মুখোমুখি হবে পর্তুগাল। ডিআর কঙ্গোর বিপক্ষে প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করে ধাক্কা খেয়েছে রবার্তো মার্তিনেজের দল। তাই শেষ ৩২-এর পথে চাপ কমাতে হিউস্টনের ম্যাচটি তাদের জন্য কার্যত ঘুরে দাঁড়ানোর লড়াই।

Advertisement

হিউস্টন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১২টায়। বাংলাদেশ সময় রাত ১১টায় মাঠে নামবে পর্তুগাল ও উজবেকিস্তান।

প্রথম ম্যাচে পর্তুগাল বলের দখলে এগিয়ে থাকলেও আক্রমণে ছিল হতাশাজনক। ডিআর কঙ্গোর বিপক্ষে তারা শট নিয়েছিল মাত্র ৭টি, লক্ষ্যে ছিল ১টি। রোনালদোও ছিলেন অনেকটাই নিষ্প্রভ। ৪১ বছর বয়সি পর্তুগিজ তারকা এখনও ২০২৬ বিশ্বকাপে গোলের দেখা পাননি। উজবেকিস্তানের বিপক্ষে তাই তার সামনে সুযোগ, শুধু দলকে জেতানোর নয়, নিজের বিশ্বকাপ অভিযানও শুরু করার।

ম্যাচের আগে পর্তুগাল কোচ মার্তিনেজ বলেছেন, ডিআর কঙ্গোর বিপক্ষে তার দল প্রথম ২০ মিনিট ভালো শুরু করলেও পরে শৃঙ্খলা ও কাঠামো হারিয়ে ফেলে। উজবেকিস্তানের বিপক্ষে সেটি ঠিক করতে চান তিনি।

মার্তিনেজ বলেন, ‘আমরা শক্তিশালী ও মনোযোগী। আমাদের দল আগের চেয়েও বেশি ঐক্যবদ্ধ। এটি একটি প্রক্রিয়া। চাপ আমাদের দলের অংশ নয়।’

সমালোচনা নিয়েও শান্ত পর্তুগাল কোচ। তার ভাষায়, ‘খারাপ ফলের পর সমালোচনা হওয়া স্বাভাবিক। কখনো সেটি অন্যায্য বা নেতিবাচক হয়, কিন্তু আমরা যেভাবে প্রস্তুতি নিই, সেটির অংশ নয়।’

রোনালদো শুরু করবেন কি না, তা সরাসরি জানাননি মার্তিনেজ। প্রথম ম্যাচের পর তাকে বেঞ্চে বসানোর দাবি উঠলেও কোচ রোনালদোকে দলের আদর্শ মানছেন। মার্তিনেজের মতে, পর্তুগাল এমন দল, যারা বল রাখতে চায়, দ্রুত প্রতিক্রিয়া দেখাতে চায় এবং দ্রুত পাল্টা আক্রমণে যেতে চায়। সেই খেলায় জায়গা তৈরি করার মতো চলাফেরায় রোনালদো এখনও গুরুত্বপূর্ণ।

পর্তুগালের আক্রমণভাগে রোনালদোর সঙ্গে ব্রুনো ফার্নান্দেস, বের্নার্দো সিলভা, পেদ্রো নেতো ও রাফায়েল লেয়াওদের মতো বিকল্প থাকায় একাদশ নিয়ে আগ্রহ থাকছেই। ডিআর কঙ্গোর বিপক্ষে হতাশাজনক ড্রয়ের পর মার্তিনেজ আক্রমণে গতি ও ধার বাড়ানোর পথ খুঁজবেন।

উজবেকিস্তানের জন্যও ম্যাচটি বাঁচা-মরার। নিজেদের প্রথম বিশ্বকাপে প্রথম ম্যাচে কলম্বিয়ার কাছে ৩-১ গোলে হেরেছিল তারা। তবে আববোসবেক ফাইজুল্লায়েভের গোল দেশটির বিশ্বকাপ ইতিহাসে প্রথম গোল হয়ে থাকবে। এবার পর্তুগালের বিপক্ষে অন্তত পয়েন্ট দরকার তাদের। না হলে শেষ ৩২-এর পথ আরও কঠিন হয়ে যাবে।

উজবেকিস্তান কোচ ফাবিও ক্যানাভারো জানেন, প্রতিপক্ষ শক্তিশালী। তবে তার দল ভয় পেতে রাজি নয়। ইতালির হয়ে ২০০৬ বিশ্বকাপজয়ী অধিনায়ক ক্যানাভারো বলেন, ‘আমি সবসময় বলেছি, আমাদের হারানোর কিছু নেই। পর্তুগাল সবসময় খেলা নিয়ন্ত্রণ করতে চায়। তারা খুব ভালোভাবে শুরু করবে, দ্রুত খেলতে চাইবে। আমরা তার জন্য প্রস্তুত থাকব।’

নিজেদের পরিকল্পনা নিয়েও ক্যানাভারো বলেছেন, ‘আমাদের কৌশল আছে। আমি জানি আমরা খুব ভালো একটি দলের মুখোমুখি হচ্ছি। আমরা শেষ পর্যন্ত লড়াইয়ে থাকতে চাই। আমি আমার দলকে বলেছি, কলম্বিয়ার বিপক্ষের চেয়ে বেশি লড়াকু মানসিকতা নিয়ে খেলতে হবে। তবে আমরা শুধু বোকামির মতো সব জায়গায় দৌড়াব না।’

ক্যানাভারো রোনালদোকে নিয়ে আলাদা সতর্কতাও দিয়েছেন। তার মতে, শুধু রোনালদোর ওপর মনোযোগ দিলে চলবে না, কারণ পর্তুগালের দলে আরও অনেক প্রতিভাবান ফুটবলার আছে। তবে রোনালদো যে কোনো পরিস্থিতিতে গোল করতে পারেন, তাই তাকে নিয়েও সতর্ক থাকতে হবে।

গ্রুপ ‘কে’-এর বর্তমান অবস্থায় কলম্বিয়া ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে। পর্তুগাল ও ডিআর কঙ্গো ১ পয়েন্ট করে নিয়ে পরের দুই স্থানে। উজবেকিস্তান পয়েন্টহীন। ৪৮ দলের নতুন বিশ্বকাপে ১২টি গ্রুপের শীর্ষ দুই দল এবং সেরা আট তৃতীয় দল শেষ ৩২-এ উঠবে। তাই পর্তুগালের জন্য জয় জরুরি, আর উজবেকিস্তানের জন্য পয়েন্ট পাওয়া প্রায় বাধ্যতামূলক।

পরিসংখ্যানও পর্তুগালের পক্ষেই। অপ্টা সুপারকম্পিউটারের হিসাবে এই ম্যাচে পর্তুগালের জয়ের সম্ভাবনা ৮৩.১ শতাংশ। উজবেকিস্তানের জয়ের সম্ভাবনা ৬.০ শতাংশ, আর ড্রয়ের সম্ভাবনা ১১.০ শতাংশ। পর্তুগালের তারকা শক্তি, অভিজ্ঞতা ও আক্রমণের গভীরতা এই হিসাবকে স্বাভাবিকই করে।

দুই দলের মধ্যে এটি হবে প্রথম আন্তর্জাতিক মুখোমুখি লড়াই। অভিজ্ঞতা, তারকা শক্তি ও বেঞ্চের গভীরতায় পর্তুগাল অনেক এগিয়ে। তবে প্রথম ম্যাচের ড্র দেখিয়েছে, নামের ভারেই ম্যাচ জেতা যায় না। উজবেকিস্তান যদি রক্ষণে কমপ্যাক্ট থাকতে পারে এবং পাল্টা আক্রমণে ফাইজুল্লায়েভ বা এলদোর শোমুরোদভদের ব্যবহার করতে পারে, তাহলে পর্তুগালকে অস্বস্তিতে ফেলতে পারে।

পর্তুগালের জন্য সুখবর, টমাস আরাউজো ছাড়া সবাই প্রস্তুত। রুবেন দিয়াস প্রথম ম্যাচে না খেললেও উজবেকিস্তানের বিপক্ষে দলে ফেরার জন্য প্রস্তুত। অন্যদিকে উজবেকিস্তানের বড় কোনো চোট সমস্যা নেই বলে জানা গেছে।

সম্ভাব্য একাদশ

পর্তুগাল: ডিয়োগো কস্তা; জোয়াও কানসেলো, রুবেন দিয়াস, রেনাতো ভেইগা, নুনো মেন্দেস; রুবেন নেভেস, ভিতিনিয়া; বের্নার্দো সিলভা, ব্রুনো ফার্নান্দেস, পেদ্রো নেতো; ক্রিশ্চিয়ানো রোনালদো।

উজবেকিস্তান: উতকির ইউসুপভ; আবদুকোদির খুসানভ, আবদুল্লায়েভ, রুস্তম আশুরমাতভ; বেখরুজ কারিমভ, আকমাল মোজগোভয়, ওতাবেক শুকুরভ, শেরজোদ নাসরুল্লোয়েভ; আববোসবেক ফাইজুল্লায়েভ, ওস্তন উরুনভ; এলদোর শোমুরোদভ।