ওচোয়াকে নিয়েই মেক্সিকোর বিশ্বকাপ দল ঘোষণা

লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর সাথে এবার রেকর্ড বুকে নাম লেখাতে যাচ্ছেন মেক্সিকোর বিখ্যাত গোলকিপার গিয়ের্মো ওচোয়া। ৪০ বছর বয়সী এই গোলরক্ষককে রেখে ২০২৬ বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে মেক্সিকো। বিশ্বকাপে মাঠে নামলে তিনিই হবেন ছয়টি বিশ্বকাপে খেলা প্রথম মেক্সিকান ফুটবলার।
২০০৬ জার্মানি বিশ্বকাপে প্রথমবার মেক্সিকো দলে ছিলেন ওচোয়া। এরপর বিশ্বকাপ মঞ্চে তার পারফরম্যান্স মেক্সিকো ফুটবলের বড় গল্পগুলোর একটি হয়ে ওঠে। সাম্প্রতিক সময়ে জাতীয় দলে খুব বেশি খেলার সুযোগ না পেলেও অভিজ্ঞতার কারণে কোচ হাভিয়ের আগিররের স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি।
দলে অভিজ্ঞতার সঙ্গে তরুণদেরও জায়গা দিয়েছেন আগিররে। অধিনায়ক এদসন আলভারেজ ও স্ট্রাইকার রাউল জিমেনেজ অভিজ্ঞতার বড় ভরসা। অন্যদিকে ১৭ বছর বয়সী মিডফিল্ডার গিলবের্তো মোরা মেক্সিকোর হয়ে বিশ্বকাপ খেলা সবচেয়ে কম বয়সী ফুটবলার হওয়ার পথে। তরুণদের মধ্যে আছেন আর্মান্দো গনসালেস, ওবেদ ভারগাস ও ব্রায়ান গুতিয়েরেসও।
মেক্সিকো দলে আছেন দুই ন্যাচারালাইজড ফুটবলারও। স্পেনে জন্ম নেওয়া মিডফিল্ডার আলভারো ফিদালগো এবং কলম্বিয়ায় জন্ম নেওয়া ফরোয়ার্ড হুলিয়ান কুইনোনেস সাম্প্রতিক সময়ে জাতীয় দলের নিয়মিত মুখ হয়ে উঠেছেন। এবার বিশ্বকাপ দলেও জায়গা পেলেন তারা।
২০২৬ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডা। মেক্সিকো সর্বশেষ নিজেদের মাটিতে বিশ্বকাপ আয়োজন করেছিল ১৯৮৬ সালে, সেই আসরে তারা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত উঠেছিল। এবার ঘরের মাঠে আরও একবার বড় কিছু করার আশায় নামবে তারা।
কোচ হাভিয়ের আগিররের জন্যও এটি বিশেষ আসর। ২০০২ ও ২০১০ বিশ্বকাপে মেক্সিকোকে নেতৃত্ব দেওয়ার পর এবার তৃতীয়বারের মতো বিশ্বকাপে জাতীয় দলের ডাগআউটে থাকবেন তিনি।
বিশ্বকাপের আগে বৃহস্পতিবার সার্বিয়ার বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে মেক্সিকো। এরপর ১১ জুন এস্তাদিও আজতেকায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান।
মেক্সিকোর বিশ্বকাপ দল
গোলরক্ষক: রাউল রাঙ্গেল, গিয়ের্মো ওচোয়া, কার্লোস আসেভেদো।
রক্ষণভাগ: হোর্হে সানচেজ, ইসরায়েল রেয়েস, সেসার মন্তেস, ইয়োহান ভাসকেস, হেসুস গায়ার্দো, মাতেও চাভেস।
মিডফিল্ড: এরিক লিরা, ওরবেলিন পিনেদা, আলভারো ফিদালগো, ব্রায়ান গুতিয়েরেস, লুইস রোমো, এদসন আলভারেজ, ওবেদ ভারগাস, গিলবের্তো মোরা, লুইস চাভেস।
ফরোয়ার্ড: রোবের্তো আলভারাদো, সেসার হুয়ের্তা, আলেক্সিস ভেগা, হুলিয়ান কুইনোনেস, গিয়ের্মো মার্তিনেজ, আর্মান্দো গনসালেস, সান্তিয়াগো হিমেনেজ, রাউল জিমেনেজ।



