বিশ্বকাপের শেষ চারে প্রথমবার ঘটছে এমন ঘটনা

৪৮ দলের বিশ্বকাপে অঘটন কম ঘটেনি। তবে শেষ পর্যন্ত সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলই। আর এই ঘটনা ১৯৯২ সালের র্যাঙ্কিং চালুর পর প্রথমবারের মতো ঘটলো।
বিশ্বকাপ শুরুর আগে ১১ জুন প্রকাশিত সর্বশেষ অফিসিয়াল ফিফা র্যাঙ্কিংয়ে এক নম্বরে ছিল আর্জেন্টিনা। দ্বিতীয় স্থানে স্পেন, তৃতীয় ফ্রান্স এবং চতুর্থ স্থানে ছিল ইংল্যান্ড। সেই চার দলই এখন শিরোপা থেকে মাত্র দুটি জয় দূরে।
প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে র্যাঙ্কিংয়ের দ্বিতীয় ও তৃতীয় দল স্পেন এবং ফ্রান্স। অন্য সেমিফাইনালে শীর্ষে থাকা আর্জেন্টিনার প্রতিপক্ষ চতুর্থ স্থানের ইংল্যান্ড।
চার সেমিফাইনালিস্টের ঝুলিতে রয়েছে মোট সাতটি বিশ্বকাপ শিরোপা। আর্জেন্টিনা তিনবার এবং ফ্রান্স দুবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। স্পেন ও ইংল্যান্ডের রয়েছে একটি করে শিরোপা।
আর্জেন্টিনা খেলছে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্যে। ফ্রান্স গত দুই আসরেই ফাইনাল খেলেছে। ২০১৮ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর ২০২২ সালের ফাইনালে তারা আর্জেন্টিনার কাছে হেরেছিল। স্পেনের সামনে ২০১০ সালের পর প্রথম এবং ইংল্যান্ডের সামনে ১৯৬৬ সালের পর দ্বিতীয় শিরোপা জয়ের সুযোগ।
বিশ্বকাপের ম্যাচের ফল অনুযায়ী চলমান পয়েন্টের হিসাব বদলালেও ফিফার পরবর্তী অফিসিয়াল র্যাঙ্কিং প্রকাশিত হবে ২০ জুলাই, ফাইনালের পরদিন।




