logo

মেসিকে নিয়েই আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

মেসিকে নিয়েই আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ধরে রাখার অভিযান শুরু করতে মাঠে নামছে আর্জেন্টিনা। আর সে অভিযানের শুরুতেই মাঠে থাকছেন দলের প্রাণ ভোমড়া লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে গ্রুপ ‘জে’র প্রথম ম্যাচে অধিনায়ক মেসিকে শুরুর একাদশে রেখেই দল সাজিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। আক্রমণে তাঁর সঙ্গী লাওতারো মার্তিনেজ।

গোলপোস্টে আছেন এমিলিয়ানো মার্তিনেজ। রক্ষণে ডান পাশে গনসালো মন্তিয়েল, দুই সেন্টারব্যাকে ক্রিস্তিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্তিনেজ, বাঁ পাশে ফাকুন্দো মেদিনা। অর্থাৎ রক্ষণে স্কালোনি অভিজ্ঞতা ও আগ্রাসনের মিশ্রণই বেছে নিয়েছেন।

মাঝমাঠে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কাঠামোর বড় অংশই থাকছে। রদ্রিগো দি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফের্নান্দেজের সঙ্গে আছেন থিয়াগো আলমাদা। এই চারজনের ওপর থাকবে বল দখল, প্রেসিং এবং মেসির জন্য জায়গা তৈরির দায়িত্ব।

সবচেয়ে বেশি নজর অবশ্য আক্রমণে। হুলিয়ান আলভারেজকে বেঞ্চে রেখে স্কালোনি শুরু থেকে নামাচ্ছেন লাওতারো মার্তিনেজকে। বক্সের ভেতর ফিনিশিং, পজিশন নেওয়া ও মেসির পাস থেকে সুযোগ কাজে লাগানোর দায়িত্ব থাকবে তাঁর ওপর। মেসি থাকবেন আক্রমণের সৃজনশীল কেন্দ্রবিন্দু হিসেবে।

এই একাদশে আর্জেন্টিনার ছক কাগজে ৪-৪-২ বা ৪-৩-১-২ ধরনের হতে পারে। তবে ম্যাচের ভেতর সেটি বদলে যেতে পারে ৪-৩-৩ আকারেও। আলমাদা এক পাশে সরে গেলে মেসি ও লাওতারো সামনে থেকে আক্রমণ গড়বেন, আর দি পল-এনজো-ম্যাক অ্যালিস্টার মাঝমাঠে ভারসাম্য রাখবেন।

মেসির জন্য ম্যাচটি বিশেষ হতে পারে আরও একটি কারণে। মাঠে নামলেই আর্জেন্টিনার জার্সিতে ২০০ ম্যাচের মাইলফলকে পৌঁছাবেন তিনি। ষষ্ঠ বিশ্বকাপে খেলতে নামা মেসির সামনে তাই শুধু দলের জয় নয়, ব্যক্তিগত ইতিহাসেরও হাতছানি।

বিশ্বচ্যাম্পিয়নদের জন্য শুরুটা সহজ হবে না। আলজেরিয়া গতি, শারীরিক শক্তি ও পাল্টা আক্রমণে বিপজ্জনক দল। তবে আর্জেন্টিনার পরিকল্পনা পরিষ্কার, মাঝমাঠের নিয়ন্ত্রণ নিয়ে মেসির পায়ে ম্যাচের সিদ্ধান্ত তুলে দেওয়া।

আর্জেন্টিনার একাদশ

এমিলিয়ানো মার্তিনেজ; গনসালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, ফাকুন্দো মেদিনা; রদ্রিগো দি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফের্নান্দেজ, থিয়াগো আলমাদা; লিওনেল মেসি, লাওতারো মার্তিনেজ।

কোচ: লিওনেল স্কালোনি।