ইংল্যান্ড-ক্রোয়েশিয়া ম্যাচে টিকিটবিহীন দর্শক ঢোকার অভিযোগ

বিশ্বকাপে ইংল্যান্ড-ক্রোয়েশিয়া ম্যাচ ঘিরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। আর্লিংটনের ডালাস স্টেডিয়ামে ইংল্যান্ডের প্রথম ম্যাচে কিছু টিকিটবিহীন সমর্থক নিরাপত্তা এড়িয়ে ভেতরে ঢুকেছেন বলে অভিযোগ উঠেছে। তবে ফিফা জানিয়েছে, বৈধ টিকিট ছাড়া কেউ স্টেডিয়ামে ঢুকেছে, এমন কোনো ইঙ্গিত তারা এখন পর্যন্ত পায়নি।
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ড-ক্রোয়েশিয়া ম্যাচের জন্য বড় ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। আর্লিংটন পুলিশ বিশেষ প্রশিক্ষিত সদস্য ও বিশেষায়িত সরঞ্জাম মোতায়েন করেছিল। স্টেডিয়ামের ভেতরেও নিরাপত্তা নজরদারির অংশ হিসেবে স্নাইপার থাকার কথা জানানো হয়েছিল। কিন্তু এত কড়াকড়ির মধ্যেও কয়েকজন দর্শক দাবি করেছেন, কিছু সমর্থক বৈধ টিকিট ছাড়াই মাঠে ঢুকে পড়েন।
এক ইংল্যান্ড সমর্থকের অভিযোগ, টিকিট ব্যারিয়ারের পাশে বড় ফাঁক ছিল এবং অনেকে সেই ফাঁক দিয়েই ভেতরে ঢুকে যান। আরেকজনের দাবি, নিরাপত্তা পরীক্ষা খুব কঠোর মনে হয়নি। তার ভাষ্য অনুযায়ী, কেউ কেউ শুধু টিকিট দেখানোর ভান করে এগিয়ে যান, আবার কেউ টার্নস্টাইলও টপকান।
তবে ফিফা এই অভিযোগের পক্ষে এখনো কোনো প্রমাণ পাওয়ার কথা জানায়নি। সংস্থাটির এক মুখপাত্র বলেছেন, সংশ্লিষ্ট ম্যাচে বৈধ টিকিট ছাড়া দর্শক ঢোকার কোনো ইঙ্গিত তাদের কাছে নেই।
নিরাপত্তা বিতর্কের পাশাপাশি ইংল্যান্ড সমর্থকদের পতাকা নিয়েও অসন্তোষ তৈরি হয়। কয়েকজন সমর্থক দাবি করেছেন, স্টুয়ার্ডরা মাঠের কিছু জায়গা থেকে পতাকা সরিয়ে নিতে বলেন এবং না সরালে তা জব্দ করার হুমকি দেন। এর আগে ফিফার নিয়ম অনুযায়ী এলইডি বিজ্ঞাপন বোর্ড, অফিসিয়াল সাইনেজ বা নির্দিষ্ট জায়গা ঢেকে বড় পতাকা টানানোর ওপর বিধিনিষেধের কথা জানানো হয়েছিল।
মাঠে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-২ গোলে জিতেছে ইংল্যান্ড। তবে গ্যালারির এই অভিযোগ বিশ্বকাপ আয়োজকদের নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে আলোচনায় এনেছে।
