মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ শুরু চ্যাম্পিয়নদের
ফুটবল বিশ্বকাপ ২০২৬-এ নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রতিপক্ষ আফ্রিকার দেশ আলজেরিয়াকে মেসির হ্যাটট্রিকে উড়িয়ে দিয়েছে আলবিসেলেস্তেরা। ম্যাচের লাইভ আপডেটে এশিয়া পোস্টের সাথে থাকার জন্য ধন্যবাদ।

বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশন দারুণভাবেই শুরু করল আর্জেন্টিনা। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে আবারও ম্যাচের কেন্দ্রবিন্দুতে লিওনেল মেসি।
প্রথমার্ধে তাঁর বাঁ পায়ের নিখুঁত শটে এগিয়ে যায় আর্জেন্টিনা। বিরতির আগে আলজেরিয়া কিছুটা চাপ তৈরি করলেও দ্বিতীয়ার্ধে ম্যাচ পুরোপুরি নিজেদের করে নেয় বিশ্বচ্যাম্পিয়নরা। ৬০ মিনিটে মেসির দ্বিতীয় গোলের পর ৭৬ মিনিটের হ্যাটট্রিক গোলে শেষ হয়ে যায় আলজেরিয়ার প্রতিরোধ।
এই জয়ে গ্রুপ ‘জে’তে আত্মবিশ্বাসী শুরু পেল আর্জেন্টিনা। তাদের পরের ম্যাচ অস্ট্রিয়ার বিপক্ষে, আর আলজেরিয়া খেলবে জর্ডানের সঙ্গে।
জয় দিয়েই বিশ্বকাপ শুরু করল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কানসাস সিটি স্টেডিয়ামে গ্রুপ ‘জে’র ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে লিওনেল স্কালোনির দল।
আর্জেন্টিনার জয়ের নায়ক লিওনেল মেসি। ১৮ মিনিটে দূরপাল্লার দুর্দান্ত শটে দলকে এগিয়ে দেন তিনি। ৬০ মিনিটে গোলরক্ষক লুকা জিদানের ভুল কাজে লাগিয়ে করেন দ্বিতীয় গোল। ৭৬ মিনিটে আরেকটি অসাধারণ শটে পূর্ণ করেন হ্যাটট্রিক।
বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকের রাতেই সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় মিরোস্লাভ ক্লোসেকে স্পর্শ করলেন মেসি। বিশ্বচ্যাম্পিয়নদের শুরুটা তাই হলো পুরোপুরি মেসিময়।
শেষ দিকে আলজেরিয়া ব্যবধান কমানোর চেষ্টা করলেও আর্জেন্টিনার রক্ষণ খুব বেশি সুযোগ দেয়নি। ৮৪ মিনিটে ম্যাক অ্যালিস্টারের ফাউলে বক্সের বাইরে ভালো জায়গায় ফ্রি-কিক পায় আলজেরিয়া।
মাহরেজ বাঁ পায়ে দেয়ালের ওপর দিয়ে বল তুলতে চেয়েছিলেন, কিন্তু আর্জেন্টিনার দেয়াল সেটি আটকে দেয়। ৮৮ মিনিটে আবার ডান দিক থেকে ভেতরে ঢুকে খেলা বদলানোর চেষ্টা করেন মাহরেজ, তবে আক্রমণটি বড় বিপদ তৈরি করতে পারেনি।
নির্ধারিত ৯০ মিনিট শেষে যোগ করা হয় আরও ৬ মিনিট। তখনই প্রায় নিশ্চিত হয়ে গেছে, বিশ্বচ্যাম্পিয়নরা জয় দিয়েই শুরু করতে যাচ্ছে তাদের শিরোপা ধরে রাখার অভিযান।
কানসাস সিটি স্টেডিয়াম দাঁড়িয়ে অভিবাদন জানাল লিওনেল মেসিকে। বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করার পর ৮০ মিনিটে তাঁকে তুলে নেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। মেসির জায়গায় মাঠে নেমেছেন নিকো পাজ।
একই সময়ে আরেকটি পরিবর্তন আনে আর্জেন্টিনা। ক্রিস্তিয়ান রোমেরোর জায়গায় নামেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি।
ফল প্রায় নিশ্চিত হয়ে যাওয়ায় শেষ ১০ মিনিটে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম দিচ্ছেন স্কালোনি। কানসাসে রাতটা অবশ্য এর মধ্যেই মেসির নামে লেখা হয়ে গেছে।
লিওনেল মেসির হ্যাটট্রিক! ৭৬ মিনিটে দুর্দান্ত গোলে নিজের তৃতীয় গোল পূর্ণ করলেন আর্জেন্টাইন অধিনায়ক। আলজেরিয়ার বিপক্ষে মেসির জোড়া গোল তখনই ম্যাচ প্রায় আর্জেন্টিনার হাতে এনে দিয়েছিল, এবার হ্যাটট্রিকে সেটি পরিণত হলো ইতিহাসের রাতে।
এই গোলেই বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় মিরোস্লাভ ক্লোসেকে স্পর্শ করলেন মেসি। বিশ্বকাপের মঞ্চে আরেকটি অবিশ্বাস্য অধ্যায় লিখলেন আর্জেন্টিনার নম্বর টেন।
আর্জেন্টিনা এখন ৩-০ গোলে এগিয়ে, আর কানসাসে রাতটা পুরোপুরি মেসিময়।
হ্যাটট্রিকের খুব কাছাকাছি চলে গিয়েছিলেন লিওনেল মেসি। আইত-নুরির চাপ সামলে বক্সের বাইরে থেকে শট নেন আর্জেন্টাইন অধিনায়ক। প্রায় ২০ গজ দূর থেকে নেওয়া শটটি গোলমুখে যাচ্ছিল।
তবে এবার সতর্ক ছিলেন লুকা জিদান। দ্রুত প্রতিক্রিয়ায় হাত তুলে বল ক্রসবারের ওপর দিয়ে কর্নারে পাঠান আলজেরিয়ার গোলরক্ষক। মেসির তৃতীয় গোল আপাতত ঠেকিয়ে রাখল আলজেরিয়া।
আবারও মেসি! ৬০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে আর্জেন্টিনাকে ২-০ ব্যবধানে এগিয়ে দিলেন লিওনেল মেসি।
আলজেরিয়া গোলরক্ষক লুকা জিদান বক্সের ভেতর বল ঠিকমতো নিয়ন্ত্রণে রাখতে পারেননি। তাঁর হাত থেকে বল ছুটে যেতেই সঠিক জায়গায় ছিলেন মেসি। সুযোগ পেয়ে কোনো ভুল করেননি আর্জেন্টাইন অধিনায়ক।
প্রথমার্ধে বাঁ পায়ের দারুণ শটে গোল করেছিলেন মেসি। এবার গোলরক্ষকের ভুল কাজে লাগিয়ে পূর্ণ করলেন জোড়া গোল। বিশ্বচ্যাম্পিয়নদের জয় এখন অনেকটাই নিশ্চিতের পথে।
দ্বিতীয়ার্ধে আক্রমণে নতুন গতি আনতে জোড়া বদলি করলেন লিওনেল স্কালোনি। লাউতারো মার্তিনেজ ও থিয়াগো আলমাদার জায়গায় মাঠে নেমেছেন নিকো গঞ্জালেস ও হুলিয়ান আলভারেস।
আলজেরিয়া সমতায় ফেরার চেষ্টায় একটু ওপরে উঠতেই পেছনে ফাঁকা জায়গা তৈরি হচ্ছে। সেই জায়গা কাজে লাগিয়ে ম্যাচটা শেষ করে দিতে চাইছে আর্জেন্টিনা।
দ্বিতীয় গোলের খুব কাছে চলে গিয়েছিল আর্জেন্টিনা। আলজেরিয়া আক্রমণে উঠতে গিয়ে পেছনে ফাঁকা জায়গা রেখে দিচ্ছে, আর সেই জায়গাগুলো কাজে লাগিয়ে দ্রুত আক্রমণে উঠছে বিশ্বচ্যাম্পিয়নরা।
৫৪ মিনিটে লাউতারো মার্তিনেজের সুযোগটি দারুণ সেভে ঠেকান লুকা জিদান। ব্যবধান দ্বিগুণ হতে দেননি আলজেরিয়ার গোলরক্ষক।

ম্যাচে মেসি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আর্জেন্টিনা লম্বা পাসে সুযোগ তৈরির চেষ্টা করে। রোমেরোর ভাসানো বল আলজেরিয়ার রক্ষণের পেছনে যাচ্ছিল, লাউতারো মার্তিনেজও ছুটছিলেন সেটির দিকে।
তবে বক্স ছেড়ে সতর্কভাবে এগিয়ে এসে মাথা দিয়ে বল ক্লিয়ার করেন লুকা জিদান। এরপর আইত-নুরির কাছে বল দিয়ে দখলও ধরে রাখে আলজেরিয়া।
কানসাসে শুরু হয়েছে দ্বিতীয়ার্ধ। বিরতির পর আর্জেন্টিনা একটি পরিবর্তন এনেছে। গনসালো মন্তিয়েলের জায়গায় মাঠে নেমেছেন নাহুয়েল মলিনা।
প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে থাকা আর্জেন্টিনা এখন ব্যবধান বাড়ানোর লক্ষ্য নিয়ে নেমেছে। অন্যদিকে আলজেরিয়ার সামনে সমতায় ফেরার চ্যালেঞ্জ।
কানসাসে প্রথমার্ধ শেষে আর্জেন্টিনা ১-০ গোলে এগিয়ে। ১৮ মিনিটে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে গোল করেন লিওনেল মেসি।
গোলের পর দীর্ঘ সময় ম্যাচের নিয়ন্ত্রণ ছিল আর্জেন্টিনার হাতে। তবে প্রথমার্ধের শেষ দিকে আলজেরিয়া বলের দখল নিয়ে চাপ বাড়ায় এবং কয়েকটি সুযোগও তৈরি করে। আর্জেন্টিনার জন্য দ্বিতীয়ার্ধে কাজটা তাই এখনো পুরোপুরি সহজ নয়।
যোগ করা সময়ে দারুণ এক মুভ দেখান আনিস হাজ মুসা। বল পায়ে জায়গা তৈরি করে আর্জেন্টিনার রক্ষণকে চাপে ফেলেন তিনি।
আলজেরিয়া দেখিয়ে দিচ্ছে, বল পায়ে রাখতে পারলে তারা বিপজ্জনক হতে পারে। প্রথম আধঘণ্টা আর্জেন্টিনার নিয়ন্ত্রণে থাকলেও বিরতির আগে ম্যাচে ভালোভাবেই ফিরেছে আফ্রিকার দলটি।
প্রথমার্ধের শেষ দিকে আলজেরিয়ার আক্রমণ আরও ধারালো হয়েছে। ৪৪ মিনিটে আবারও সুযোগ পান চাইবি। ভেতরে ঢুকে জায়গা তৈরি করলেও তাঁর শট বাইরে চলে যায়।
৪৫ মিনিট শেষে যোগ করা হয় আরও চার মিনিট। যোগ করা সময়ের শুরুতেই আইত-নুরির দারুণ মুভ থেকে আবার কর্নার আদায় করে আলজেরিয়া। এখন ম্যাচের এই অংশে আর্জেন্টিনাকে বেশ সতর্ক থাকতে হচ্ছে।
ম্যাচের শেষ দিকে প্রথমার্ধে কিছুটা ছন্দ ফিরে পেয়েছে আলজেরিয়া। আর্জেন্টিনা একটু নিচে নেমে যাওয়ায় বলের দখল নিয়ে আক্রমণ গড়ার সুযোগ পাচ্ছে আফ্রিকার দলটি।
৪১ মিনিটে বিপজ্জনক আক্রমণ সামলাতে বল কর্নারে পাঠান এমিলিয়ানো মার্তিনেজ। পরের মিনিটেই চাইবির হেড লক্ষ্যভ্রষ্ট হয়। অন্তত আর্জেন্টিনার গোলপোস্টে চাপ তৈরি করতে শুরু করেছে আলজেরিয়া।
৪২ মিনিটে ম্যাক অ্যালিস্টারের ফাউলে আরেকটি সুযোগ পায় আলজেরিয়া। এই সময়টায় আর্জেন্টিনার মাঝমাঠ আগের মতো নিয়ন্ত্রণ ধরে রাখতে পারছে না।
গোল হজমের পর ধীরে ধীরে বল পায়ে আক্রমণ গড়ার চেষ্টা করছে আলজেরিয়া। কিন্তু আর্জেন্টিনার চাপ এতটাই সংগঠিত যে মাঝমাঠ পেরোতেই কষ্ট হচ্ছে তাদের।
এমিলিয়ানো মার্তিনেজকে এখন পর্যন্ত তেমন কোনো পরীক্ষায় পড়তে হয়নি। আর্জেন্টিনা বল হারালেও দ্রুত তা পুনরুদ্ধার করছে, আর আলজেরিয়ার আক্রমণ শুরু হওয়ার আগেই থামিয়ে দিচ্ছে।
আবারও ভালো আক্রমণ গড়েছিল আর্জেন্টিনা। মেদিনার এগিয়ে আসা থেকে সুযোগ তৈরি হয়, তবে শেষ মুহূর্তে লাউতারো মার্তিনেজ বলের নাগাল পেতে পারেননি।
শেষ কয়েক মিনিটে আর্জেন্টিনার আক্রমণে আগের মতো সরাসরি গতি না থাকলেও ম্যাচের নিয়ন্ত্রণ এখনো তাদের হাতেই।
এবার আর অফসাইড নয়, এবার সত্যিই গোল মেসির। ম্যাচের ১৭ মিনিটে লিওনেল মেসির দারুণ বাঁ-পায়ের শটে এগিয়ে গেল আর্জেন্টিনা।
বক্সের বাইরে থেকে ভেতরের পায়ের জোরালো শট নেন আর্জেন্টিনা অধিনায়ক। বলের গতি ও বাঁক দুটোই ছিল দুর্দান্ত। আলজেরিয়া গোলরক্ষক লুকা জিদান হাত ছোঁয়ালেও শেষ পর্যন্ত বল আটকাতে পারেননি।
আগে অফসাইডে একটি গোল বাতিল হয়েছিল মেসির। এবার তাঁর গোলেই বিশ্বকাপ মিশনে প্রথমবার এগিয়ে গেল বর্তমান চ্যাম্পিয়নরা।
আর্জেন্টিনার পর এবার জালে বল পাঠিয়েছিল আলজেরিয়াও। ৮ মিনিটে ফারেস চাইবি দুর্দান্ত ফিনিশিংয়ে গোল উদ্যাপন শুরু করেছিলেন, কিন্তু পরে ভিএআর দেখে অফসাইডের সিদ্ধান্ত দেওয়া হয়। তাতে স্কোর এখনো ০-০। তবে ম্যাচের শুরুতেই দুই দলই দেখিয়ে দিয়েছে, এই লড়াই শুধু একপাক্ষিক হতে যাচ্ছে না।
কানসাস সিটিতে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক আর্জেন্টিনা। ৪ মিনিটে লাউতারো মার্তিনেজের শক্তিশালী হেড সরাসরি লুকা জিদানের হাতে যায়, যদিও পরে অফসাইডের পতাকা ওঠে।
এক মিনিট পর জালে বল পাঠান লিওনেল মেসিও। ফিনিশিং ছিল দারুণ, তবে অফসাইডে থাকায় গোলটি বাতিল হয়। শুরুতেই বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের চাপ।
আজকের ম্যাচটি আর্জেন্টিনার জন্য আরেকটি বিশেষ প্রেক্ষাপটও তৈরি করছে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এর আগে চারবার আফ্রিকান দলের মুখোমুখি হয়েছে তারা।
১৯৯০ বিশ্বকাপে ক্যামেরুনের কাছে ০-১ গোলে হেরেছিল আর্জেন্টিনা। ২০০২ সালে নাইজেরিয়াকে ১-০, ২০০৬ সালে আইভরি কোস্টকে ২-১ এবং ২০১০ সালে আবার নাইজেরিয়াকে ১-০ গোলে হারায় তারা।
আজ আলজেরিয়ার বিপক্ষে সেই ধারাবাহিকতায় নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচ পরিচালনা করবেন পোল্যান্ডের রেফারি সিমন মারচিনিয়াক।
আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে রিয়াদ মাহরেজকে শুরুর একাদশে রাখেননি আলজেরিয়া কোচ ভ্লাদিমির পেতকোভিচ। তাঁকে বেঞ্চে রাখা হয়েছে কৌশলগত সিদ্ধান্তে।
আলজেরিয়ার একাদশ: লুকা জিদান; রাফিক বেলঘালি, আইসা মান্দি, রামি বেনসেবাইনি, রায়ান আইত-নুরি; ফারেস চাইবি, হিচাম বুদাউই, নাবিল বেনতালেব, ইব্রাহিম মাজা; আমিন গুইরি ও আনিস হাজ মুসা।
কোচ: ভ্লাদিমির পেতকোভিচ।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে মেসিকে শুরুর একাদশে রেখেই দল সাজিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
আর্জেন্টিনার একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ; গনসালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, ফাকুন্দো মেদিনা; রদ্রিগো দি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফের্নান্দেজ, থিয়াগো আলমাদা; লিওনেল মেসি ও লাউতারো মার্তিনেজ।
কোচ: লিওনেল স্কালোনি।
বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মাঠে নামছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রতিপক্ষ আফ্রিকার দেশ আলজেরিয়া।
বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে ম্যাচ। ফুটবলপ্রেমীদের জন্য এখানে থাকছে আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচের গোল, বড় সুযোগ, কার্ড, ভিএআর, বদলি, বিরতির বিশ্লেষণ ও গুরুত্বপূর্ণ সব মুহূর্তের লাইভ আপডেট।