হ্যামস্ট্রিং চোটে বিশ্বকাপ নিয়ে শঙ্কায় ছিলেন ইয়ামাল

স্পেনের বিশ্বকাপ প্রস্তুতি শুরু হয়েছে স্বস্তির খবর দিয়ে। হ্যামস্ট্রিং চোটে বিশ্বকাপ মিস করার ভয় পেলেও এখন টুর্নামেন্টে খেলার পথে আছেন লামিনে ইয়ামাল।
বার্সেলোনার ১৮ বছর বয়সি এই ফরোয়ার্ড গত ২২ এপ্রিল সেল্তা ভিগোর বিপক্ষে লা লিগার ম্যাচে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান। পেনাল্টি থেকে গোল করার পরপরই বেঞ্চের দিকে তাকিয়ে চোটের ইঙ্গিত দেন তিনি। সতীর্থরা উদ্যাপন করতে এগিয়ে আসার আগেই মাটিতে বসে পড়েন ইয়ামাল।
স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে দেওয়া সাক্ষাৎকারে ইয়ামাল বলেছেন, এমন ধরনের হ্যামস্ট্রিং চোট আগে কখনও পাননি তিনি। তাই শুরুতে ভয় পেয়ে গিয়েছিলেন।
ইয়ামাল বলেন, ‘আমি আগে কখনও এমন হ্যামস্ট্রিং চোট পাইনি। তবে বুঝেছিলাম, এটা খুব দ্রুত সেরে যাওয়ার মতো কিছু নয়। ভয় ছিল, চোটটা গুরুতর কিছু কি না, আবার ফিরে আসে কি না, কিংবা বিশ্বকাপ মিস করতে হয় কি না।’
চোট পাওয়ার মুহূর্তটিও স্পষ্ট মনে আছে তার। ইয়ামাল জানান, পেনাল্টি নেওয়ার পরই তিনি বুঝতে পারেন কিছু একটা হয়েছে। তখন তার মনে একটাই প্রার্থনা ছিল, চোটটি যেন গুরুতর না হয়।
তার ভাষায়, ‘আমি মনে মনে প্রার্থনা করছিলাম, যেন এটা গুরুতর কিছু না হয়। যেন শুধু ক্র্যাম্প বা তেমন কিছু হয়। কারণ আমি জানতাম, বিশ্বকাপ খুব কাছে।’
স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে গত সপ্তাহে বিশ্বকাপ দল ঘোষণার সময় ইয়ামালকে স্কোয়াডে রেখেছেন। কোচ জানিয়েছেন, স্পেনের প্রথম বা দ্বিতীয় ম্যাচের জন্য তাকে প্রস্তুত পাওয়ার আশা আছে।
স্পেন বিশ্বকাপ শুরু করবে ১৫ জুন আটলান্টায় কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ২১ জুন একই শহরে সৌদি আরবের বিপক্ষে খেলবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৬ জুন মেক্সিকোর গুয়াদালাহারায় তাদের প্রতিপক্ষ উরুগুয়ে।
ইয়ামালকে স্পেনের আক্রমণভাগের অন্যতম বড় ভরসা হিসেবে দেখা হচ্ছে। ইউরো জয়ের পর থেকেই বিশ্বকাপকে লক্ষ্য করে এগোচ্ছেন তিনি ও তার সতীর্থরা। স্পেন ২০১০ সালে প্রথমবার বিশ্বকাপ জিতেছিল। এবার ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হিসেবে দ্বিতীয় বিশ্ব শিরোপার লক্ষ্যে নামবে তারা।
ইয়ামাল বলেন, ‘অবশেষে সেই মুহূর্ত এসে গেছে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শেষ হওয়ার পর থেকেই আমরা সবাই এই দিনের কথা ভাবছিলাম। আমরা খুব রোমাঞ্চিত। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হিসেবে টুর্নামেন্টে নামব এবং নিজেদের সবটুকু দেব।’
শনিবার মাদ্রিদে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করেছে স্পেন। রোববার দলের প্রথম অনুশীলন দেখতে প্রায় দুই হাজার দর্শক উপস্থিত ছিলেন। ইয়ামালের ফিটনেস নিয়ে শুরুর উদ্বেগ কাটলেও স্পেন এখন তাকে ধীরে ধীরে ম্যাচের জন্য প্রস্তুত করতেই বেশি মনোযোগ দিচ্ছে।
