মাঠের হারের মূল্য দিল নরওয়ের বিমান সংস্থাও

বিশ্বকাপ থেকে নরওয়ের বিদায়ের সঙ্গে নিজেদের পরিচিত লোগোটিও সাময়িকভাবে হারাল দেশটির অন্যতম প্রধান বিমান সংস্থা নরওয়েজিয়ান এয়ার। ইংল্যান্ডের কাছে হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে করা বাজির শর্ত মেনে ইনস্টাগ্রাম প্রোফাইল ছবিতে ব্রিটিশ এয়ারওয়েজের লোগো বসিয়েছে তারা।
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগে মজার এই বাজির প্রস্তাব দিয়েছিল নরওয়েজিয়ান এয়ার। তাদের শর্ত ছিল, নরওয়ে জিতলে ব্রিটিশ এয়ারওয়েজকে এক দিনের জন্য ইনস্টাগ্রামে নরওয়েজিয়ানের লোগো ব্যবহার করতে হবে। ইংল্যান্ড জিতলে ঠিক উল্টো কাজটি করবে নরওয়ের বিমান সংস্থা।
প্রথমে কিছুটা রসিকতা ও কথার লড়াই চললেও পরে চ্যালেঞ্জটি গ্রহণ করে ব্রিটিশ এয়ারওয়েজ। দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা একটি ভিডিও প্রকাশ করে বাজিটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিতও করেছিলেন।
মায়ামিতে অনুষ্ঠিত ম্যাচে শেষ হাসি হাসে ইংল্যান্ড। অতিরিক্ত সময় পর্যন্ত গড়ানো ম্যাচে জুড বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে ২-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ওঠে টমাস টুখেলের দল। সেই ফলের পর প্রতিশ্রুতি অনুযায়ী নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইল ছবিতে ২৪ ঘণ্টার জন্য ব্রিটিশ এয়ারওয়েজের লোগো বসায় নরওয়েজিয়ান এয়ার।
হারের পরও অবশ্য সৌজন্যের ঘাটতি রাখেনি প্রতিষ্ঠানটি। নরওয়ের বিশ্বকাপ শেষ হয়ে গেলেও এই বন্ধুত্বপূর্ণ বাজি তাদের হৃদয়ে থেকে যাবে বলে জানায় তারা। একই সঙ্গে সেমিফাইনালের জন্য ইংল্যান্ড ও ব্রিটিশ এয়ারওয়েজকে শুভকামনাও জানিয়েছে নরওয়েজিয়ান।
দুই বিমান সংস্থার এই মজার লড়াইয়ে যোগ দিয়েছিল আরও কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। কেউ খাবার নিয়ে খেলা দেখার কথা জানিয়েছে, কেউ আবার দুই প্রতিদ্বন্দ্বীর কথার লড়াই উপভোগ করার বার্তা দিয়েছে। ফলে মাঠে ইংল্যান্ড ও নরওয়ের লড়াইয়ের পাশাপাশি দুই বিমান সংস্থার বাজিটিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।
বিশ্বকাপের সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইংল্যান্ড।





