শেষ চারের কোন দলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা কত

বিশ্বকাপের শেষ চার নিশ্চিত হওয়ার পর দলগুলোর শিরোপা জয়ের সম্ভাবনা নিয়ে শুরু হয়েছে জল্পনা। বিভিন্ন পরিসংখ্যান ও প্রেডিকশন মডেলের পরিসংখ্যানে সবার ওপরে রয়েছে স্পেন। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার অবস্থান তৃতীয়। পরিসংখ্যানভিত্তিক মডেল অনুযায়ী, লিওনেল মেসিদের টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ২৬.২ শতাংশ।
ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোর গাতো মেস্ত্রে দল ও অর্থনীতিবিদ ব্রুনো ইমাইজুমির তৈরি মডেলে ১০ হাজারবার সম্ভাব্য ফল বিশ্লেষণ করা হয়েছে। তাতে স্পেনের শিরোপা জয়ের সম্ভাবনা সর্বোচ্চ ২৯.১ শতাংশ। খুব সামান্য ব্যবধানে দ্বিতীয় স্থানে থাকা ফ্রান্সের সম্ভাবনা ২৮.৯ শতাংশ।
আর্জেন্টিনা ২৬.২ শতাংশ সম্ভাবনা নিয়ে তৃতীয়। সেমিফাইনালের চার দলের মধ্যে সবচেয়ে পিছিয়ে ইংল্যান্ড। থমাস টুখেলের দলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা মাত্র ১৫.৮ শতাংশ।
শিরোপা জয়ের সম্ভাবনা:
- স্পেন: ২৯.১ শতাংশ
- ফ্রান্স: ২৮.৯ শতাংশ
- আর্জেন্টিনা: ২৬.২ শতাংশ
- ইংল্যান্ড: ১৫.৮ শতাংশ
ফাইনালে ওঠার হিসাবে অবশ্য এগিয়ে আর্জেন্টিনা। ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে যাওয়ার সম্ভাবনা মেসিদের ৫৬.৯ শতাংশ। ইংল্যান্ডের সম্ভাবনা ৪৩.১ শতাংশ।
অন্য সেমিফাইনালে স্পেন ও ফ্রান্সের ব্যবধান আরও কম। স্পেনের ফাইনালে ওঠার সম্ভাবনা ৫০.৩ শতাংশ, ফ্রান্সের ৪৯.৭ শতাংশ। অর্থাৎ মডেলটির হিসাবে ম্যাচটি প্রায় সমান শক্তির দুই দলের লড়াই হতে যাচ্ছে।
স্পেনের এগিয়ে থাকার বড় কারণ তাদের রক্ষণ। এবারের বিশ্বকাপে ছয় ম্যাচে মাত্র একটি গোল হজম করেছে লুইস দে লা ফুয়েন্তের দল। তবে সেমিফাইনালে তাদের সামলাতে হবে কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলেকে নিয়ে গড়া ফ্রান্সের শক্তিশালী আক্রমণভাগ।
সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে আর্জেন্টিনা। কঠিন সেই জয়ের পর তাদের সম্ভাবনা বেড়ে ২৬.২ শতাংশ হয়েছে। অন্যদিকে নরওয়েকে অতিরিক্ত সময়ে ২-১ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে ইংল্যান্ড।
মডেলটি তৈরিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে প্রত্যাশিত গোল বা এক্সজি এবং শটের অবস্থানকে। পাশাপাশি ফিফা র্যাঙ্কিং, খেলোয়াড়দের বাজারমূল্যের ভিত্তিতে দলের শক্তি এবং বিশ্বকাপে অংশগ্রহণের অতীত ইতিহাস বিবেচনা করা হয়েছে।
তবে এই হিসাব কোনো নিশ্চিত ভবিষ্যদ্বাণী নয়। বর্তমান পারফরম্যান্স ও তথ্যের ভিত্তিতে তৈরি একটি পরিসংখ্যানভিত্তিক সম্ভাবনা মাত্র। সেমিফাইনালের ফল এবং মাঠের পারফরম্যান্সের সঙ্গে এই হিসাব আবার বদলে যাবে।





