ফাইনালে আর্জেন্টিনাকে চান স্পেন কোচ

এশিয়া পোস্ট স্পোর্টস
ফাইনালে আর্জেন্টিনাকে চান স্পেন কোচ
স্প্যানিশ কোচ দে লা ফুয়েন্তে। ছবি: গেটি ইমেজ

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করার পর লুইস দে লা ফুয়েন্তের সামনে প্রশ্নটি ছিল অনুমিতই। শিরোপার শেষ লড়াইয়ে প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনা না ইংল্যান্ড, কাকে চান স্পেন কোচ?

পছন্দ গোপন করেননি দে লা ফুয়েন্তে। ব্যক্তিগত বন্ধুত্বের টানে লিওনেল স্কালোনির আর্জেন্টিনার মুখোমুখি হতে চান তিনি। তবে সেই চাওয়ার পেছনে আর্জেন্টিনাকে তুলনামূলক সহজ প্রতিপক্ষ ভাবার কোনো বিষয় নেই। ইংল্যান্ডের শক্তির কথাও আলাদাভাবে উল্লেখ করেছেন স্প্যানিশ কোচ।

ফ্রান্সের বিপক্ষে ২-০ গোলের জয়ের পর সংবাদ সম্মেলনে দে লা ফুয়েন্তে বলেন, ‘স্কালোনির সঙ্গে বন্ধুত্বের কারণে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারলে ভালো লাগবে। তবে ইংল্যান্ডও ভীষণ কঠিন প্রতিপক্ষ।’

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কোচিং কোর্স করার সময় দে লা ফুয়েন্তের ছাত্র ছিলেন স্কালোনি। সেই সময় থেকে দুজনের মধ্যে তৈরি হওয়া সম্পর্ক এখনো অটুট। স্কালোনির কোচিং ক্যারিয়ারের শুরুতেও বিভিন্নভাবে পাশে ছিলেন বর্তমান স্পেন কোচ।

ইংল্যান্ডকে অবশ্য মোটেও হালকাভাবে দেখছেন না দে লা ফুয়েন্তে। বিশ্বকাপ শুরুর আগেই থমাস টুখেলের দলকে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে চিহ্নিত করেছিলেন তিনি। তার মতে, ইংল্যান্ড ও আর্জেন্টিনার সেমিফাইনালটিও বিশ্বকাপের ফাইনাল হওয়ার মতোই বড় ম্যাচ।

বন্ধুত্বের উষ্ণতা আছে স্কালোনির কথাতেও। স্পেন ফাইনালে ওঠার পর আর্জেন্টিনা কোচ জানান, দে লা ফুয়েন্তের সাফল্যে তিনি আনন্দিত। স্প্যানিশ কোচকে একজন ভালো মানুষ হিসেবে উল্লেখ করে স্কালোনি স্মরণ করিয়ে দেন, নিজের ক্যারিয়ারের শুরুর দিকে তার কাছ থেকে অনেক সহায়তা পেয়েছেন।

ফ্রান্সকে হারিয়ে ২০১০ সালের পর প্রথমবার বিশ্বকাপের ফাইনালে উঠেছে স্পেন। টানা ৩৭ ম্যাচ অপরাজিত থেকে ইতালির বিশ্ব রেকর্ডও ছুঁয়েছে তারা। এখন দ্বিতীয় বিশ্বকাপ জয়ের পথে তাদের শেষ প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা অথবা ইংল্যান্ড।

দে লা ফুয়েন্তের বন্ধুত্বের চাওয়া পূরণ হবে কি না, সেই উত্তর মিলবে আটলান্টার সেমিফাইনালে।