রেফারিকে ‘জালিম’ আখ্যা দিয়ে কাঁদলেন মিশরের ফুটবলার

জয়ের একদম দ্বারপ্রান্ত থেকেও আর্জেন্টিনার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল মিশর। তবে এই বিদায়কে স্বাভাবিকভাবে নিতে পারছে না তারা। ম্যাচের প্রধান রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের ওপর চরম ক্ষোভ প্রকাশ করেছেন মিশরের ফুটবলার মোস্তফা জিকো।
ম্যাচ শেষে অশ্রুসিক্ত চোখে তিনি বলেন, রেফারি অন্যায় করেছেন, অন্যায় করেছেন। রেফারি একদমই ফেয়ার (ন্যায়পরায়ণ) ছিলেন না। তিনি একজন জালিম। এটি স্পষ্ট ও দিবালোকের মতো পরিষ্কার যে তিনি অবিচার করেছেন। ম্যাচের শুরু থেকেই তিনি আমাদের বিরুদ্ধে কাজ করেছেন এবং একটি দেশের পুরো পরিশ্রমকে এক নিমিষে নষ্ট করে দিলেন।
রাউন্ড ষোলোর এই হাইভোল্টেজ ম্যাচে একপর্যায়ে ২-০ গোলে পিছিয়ে পড়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার মুখে ছিল আর্জেন্টিনা। এর আগে বিশ্বকাপের ইতিহাসে অন্তত দুই গোলে পিছিয়ে পড়ার পর ১৩ বারের বারের চেষ্টাতেও কখনো জিততে পারেনি আলবিসেলেস্তেরা।
তবে এবার শেষ মুহূর্তে ম্যাচের হাল ধরেন অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ অ্যাসিস্টের (৯টি) মালিক তিনি। নিজের সর্বোচ্চ গোলের রেকর্ডটিকে আরও বাড়িয়ে (২১টি) ম্যাচটিতে ২-২ সমতা আনেন। এরপর এনজো ফার্নান্দেজ বিশ্বকাপ ইতিহাসের ৩০০০তম গোলটি করে আর্জেন্টিনাকে এক অবিশ্বাস্য জয় এনে দেন। মাত্র ১৩ মিনিট ১৫ সেকেন্ডের ঝড়ে ৩ গোল হজম করে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যায় মিশর।




