সুইজারল্যান্ডের বিপক্ষে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

এশিয়া পোস্ট স্পোর্টস
সুইজারল্যান্ডের বিপক্ষে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচ সামনে রেখে প্রথম একাদশ প্রায় ঠিক করে ফেলেছেন লিওনেল স্কালোনি। বড় কোনো পরিবর্তনের পথে না হেঁটে মিশরকে হারানো দলের কাঠামোই ধরে রাখতে পারেন আর্জেন্টিনা কোচ।

কানসাস সিটিতে বাংলাদেশ সময় রোববার সকাল ৭টায় শুরু হবে ম্যাচটি। তার আগে সংবাদ সম্মেলনে স্কালোনি জানিয়েছেন, মিশরের বিপক্ষে খেলা দলের কাছাকাছি একটি একাদশই মাঠে নামানোর পরিকল্পনা তার।

স্কালোনি বলেন, ‘আমি কয়েকবার একই দল খেলিয়েছি। এবারও সেটি হলে অবাক হওয়ার কিছু থাকবে না। কিছু পরিবর্তন হতে পারে, তবে নীতিগতভাবে আগের দিনের কাছাকাছি একটি দলই খেলবে। মিশরের বিপক্ষে আমরা বেশ কিছু ভালো কাজ করেছি।’

শেষ ষোলোয় মিশরের বিপক্ষে শুরুতে ২-০ গোলে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জিতেছিল আর্জেন্টিনা। ম্যাচের ফল ও কয়েকটি রক্ষণভাগের ভুল নিয়ে আলোচনা হলেও দলের সামগ্রিক পারফরম্যান্সে সন্তুষ্ট আর্জেন্টিনার কোচিং দল।

তাদের মূল্যায়ন, আর্জেন্টিনা ম্যাচের বড় অংশে নিয়ন্ত্রণ রেখেছিল এবং একাধিক পরিষ্কার সুযোগও তৈরি করেছিল। মূল সমস্যা ছিল সুযোগ কাজে লাগাতে না পারা এবং রক্ষণে কয়েকটি ভুল। সে কারণেই পুরো কাঠামো ভেঙে নতুনভাবে দল সাজানোর প্রয়োজন দেখছেন না স্কালোনি।

সম্ভাব্য একাদশে প্রধান সংশয় দুটি। ডান প্রান্তের রক্ষণে নাহুয়েল মোলিনা ও গনসালো মন্তিয়েলের মধ্যে একজনকে বেছে নিতে হবে স্কালোনিকে। মিশরের বিপক্ষে মোলিনা শুরু করলেও দ্বিতীয়ার্ধে তাঁর জায়গায় নেমে আর্জেন্টিনার প্রত্যাবর্তনে ভূমিকা রেখেছিলেন মন্তিয়েল।

অন্য সংশয় মাঝমাঠে। আলেক্সিস ম্যাক আলিস্টারের জায়গায় নিকোলাস গঞ্জালেসকে শুরু থেকে খেলানোর কথা বিবেচনা করছেন স্কালোনি। তবে আপাতত একাদশে জায়গা ধরে রাখার দৌড়ে এগিয়ে আছেন ম্যাক আলিস্টার।

আক্রমণভাগে লিওনেল মেসির সঙ্গী হিসেবে আবারও হুলিয়ান আলভারেসের খেলার সম্ভাবনাই বেশি। মিশরের বিপক্ষে লাওতারো মার্তিনেসের বদলে শুরু করেছিলেন আলভারেস। সুইজারল্যান্ড ম্যাচেও তাঁর ওপর আস্থা রাখতে পারেন স্কালোনি।

গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের সামনে কেন্দ্রীয় রক্ষণে ক্রিস্তিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্তিনেজের জায়গা প্রায় নিশ্চিত। বাঁ প্রান্তের রক্ষণে থাকবেন নিকোলাস তাগলিয়াফিকো। মাঝমাঠে রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ ও লিয়ান্দ্রো পারেদেসেরও শুরু করার সম্ভাবনা বেশি।

বরাবরের মতো এবারও ম্যাচের আগে একাদশ নিশ্চিত করেননি স্কালোনি। শেষ অনুশীলন ও খেলোয়াড়দের শারীরিক অবস্থা দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি। তবে বড় কোনো চমক না থাকলে মিশর ম্যাচের দলটিই সামান্য পরিবর্তন নিয়ে সুইজারল্যান্ডের সামনে দাঁড়াবে।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মোলিনা অথবা গনসালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক আলিস্টার অথবা নিকোলাস গঞ্জালেস; লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেস।

ম্যাচ: আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড

পর্ব: বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল

ভেন্যু: কানসাস সিটি স্টেডিয়াম

সময়: বাংলাদেশ সময় রোববার সকাল ৭টা