কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত

এশিয়া পোস্ট ডেস্ক
কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত
ছবি: সংগৃহীত

নাটকীয়তার সবটুকু রং ছড়িয়ে শেষ হলো বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনের (শেষ ষোলো) রোমাঞ্চ। আর কলম্বিয়াকে টাইব্রেকারের স্নায়ুযুদ্ধে হারিয়ে শেষ দল হিসেবে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটল সুইজারল্যান্ড। সুইসদের এই জয়ে চূড়ান্ত হয়ে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার শেষ আটের প্রতিপক্ষও। সেমিফাইনালে ওঠার মহাসংগ্রামের এই মহাদ্বৈরথে আগামী ১২ জুলাই (রোববার) বাংলাদেশ সময় সকাল ৭টায় সুইজারল্যান্ডের মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা।

বিশ্বকাপের এবারের আসরটি যেন শুরু থেকেই অঘটনের কানাগলি। শেষ ষোলোর বৈতরণী পার হতে না পেরে এরই মধ্যে বিদায়ঘণ্টা বেজে গেছে আটটি দেশের। যেখানে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল, প্যারাগুয়ে এবং স্বাগতিক তিন দেশ—কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র। অন্যদিকে সব বাধা পেরিয়ে কোয়ার্টার ফাইনালের মঞ্চে এখন টিকে আছে আর্জেন্টিনাসহ আট পরাশক্তি। আলবিসেলেস্তেরা ছাড়াও শেষ আটে জায়গা করে নিয়েছে মরক্কো, ফ্রান্স, নরওয়ে, ইংল্যান্ড, স্পেন, বেলজিয়াম এবং সবশেষ যোগ দেওয়া সুইজারল্যান্ড।

চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার যাত্রাটা ছিল দারুণ রোমাঞ্চে ভরা। গ্রুপ ‘জে’ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছিল তারা। এরপর রাউন্ড অব থার্টি-টু-এর (শেষ বত্রিশ) মহানাটকীয় ম্যাচে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকিট কাটে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। আর আজ ফুটবলপ্রেমীদের শ্বাসরুদ্ধকর মুহূর্ত উপহার দিয়ে মিশরকে ৩-২ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখল আলবিসেলেস্তেরা।

টুর্নামেন্টের লাইনআপ অনুযায়ী, কোয়ার্টার ফাইনালের বাধা পার হতে পারলে সেমিফাইনালের লড়াইয়ে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে হ্যারি কেইনের ইংল্যান্ড অথবা আর্লিং হাল্যান্ডের নরওয়ে।

মেসির দল যদি সব বাধা পেরিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে আবারও ফাইনালে ওঠে, তবে মেগা ফাইনালে তাদের জন্য অপেক্ষা করতে পারে কিলিয়ান এমবাপের ফ্রান্স কিংবা ইউরো চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টের বর্তমান ছক বা ড্র অনুযায়ী, এই দুই পরাশক্তির সঙ্গে ফাইনালের আগে আর্জেন্টিনার দেখা হওয়ার কোনো সম্ভাবনা নেই। ফলে ফুটবলপ্রেমীরা আবারও এক ব্লকবাস্টার ফাইনালের অপেক্ষায় বুক বাঁধতেই পারেন!