logo

বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার নিয়ে সুখবর দিল কেজটিভি

বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার নিয়ে সুখবর দিল কেজটিভি
ফিফা বিশ্বকাপ ট্রফি। ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ সামনে রেখে ব্রাজিলের ফুটবলপ্রেমীদের জন্য বড় ঘোষণা দিয়েছে কেজটিভি। ইউটিউবভিত্তিক এই ব্রাজিলিয়ান প্ল্যাটফর্ম যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় হতে যাওয়া বিশ্বকাপের সব ১০৪ ম্যাচ বিনামূল্যে সরাসরি সম্প্রচার করবে।

ফিফার সঙ্গে চুক্তি অনুযায়ী, ব্রাজিলে কেজটিভি ম্যাচগুলো দেখাবে ফোরকে রেজোলিউশনে। এর সঙ্গে থাকবে দৈনিক শো, বিশেষ বিশ্লেষণ, পর্দার পেছনের কনটেন্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দর্শকদের অংশগ্রহণমূলক আয়োজন। তরুণ ফুটবলপ্রেমীদের কাছে পৌঁছানোই এই কভারেজের বড় লক্ষ্য।

কেজটিভির উত্থান শুরু ২০২২ বিশ্বকাপের সময়। তখন কাতার বিশ্বকাপের ৩৯টি ম্যাচ দেখিয়ে অল্প সময়েই বিশাল দর্শকভিত্তি তৈরি করে প্ল্যাটফর্মটি। ব্রাজিলের ক্রোয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে তাদের সম্প্রচারে একসঙ্গে ৬৯ লাখ ডিভাইস যুক্ত হয়েছিল, যা ইউটিউব লাইভ ইতিহাসের অন্যতম বড় মাইলফলক।

এরপর কেজটিভি শুধু বিশ্বকাপেই থেমে থাকেনি। ফিফা নারী বিশ্বকাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ, অলিম্পিক, দক্ষিণ আমেরিকার ফুটবল প্রতিযোগিতা, এমনকি ইউরোপীয় লিগের সম্প্রচার স্বত্বেও বিনিয়োগ বাড়িয়েছে তারা। ২০২৬-২৭ মৌসুম থেকে ব্রাজিলে লা লিগার সব ম্যাচও বিনামূল্যে দেখানোর চুক্তি করেছে কেজটিভি।

ক্রিশ্চিয়ানো রোনালদোর বিনিয়োগ এই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। তিনি লাইভমোডের আন্তর্জাতিক সম্প্রচার ইউনিট লাইভমোডটিভিতে বিনিয়োগ করেছেন। এই বিনিয়োগের পর ইউটিউবভিত্তিক ফ্রি স্পোর্টস ব্রডকাস্টিং মডেল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

তবে এই সুখবর আপাতত ব্রাজিলকেন্দ্রিক। বাংলাদেশ, ভারত বা অন্য দেশের দর্শকদের জন্য কেজটিভির এই সম্প্রচার উন্মুক্ত থাকবে না। সম্প্রচার স্বত্ব অঞ্চলভিত্তিক হওয়ায় ব্রাজিলের বাইরে সরাসরি ম্যাচ দেখা যাবে না কেজটিভির মাধ্যমে।