চোটের শঙ্কা কাটিয়ে কানাডার বিশ্বকাপ দলে ডেভিস

চোটের শঙ্কা থাকলেও কানাডার বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন দলটির সবচেয়ে বড় তারকা আলফোনসো ডেভিস। অধিনায়ককে নিয়েই ২০২৬ বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে স্বাগতিক কানাডা।
বায়ার্ন মিউনিখের ডেভিস ছাড়াও দলে আছেন জুভেন্টাস ফরোয়ার্ড জোনাথন ডেভিড। শুক্রবার টেলিভিশনে ঘোষিত দলে বড় কোনো চমক নেই। তবে চোট কাটিয়ে ফেরার পথে থাকা কয়েকজন ফুটবলারকে রেখেছেন কোচ জেসি মার্শ।
কানাডা কোচ বলেছেন, ‘আমরা সত্যিই মনে করি, এটিই আমাদের সবচেয়ে শক্তিশালী দল।’ তবে দল ঘোষণার পর আলোচনার বড় অংশ জুড়ে ছিলেন ডেভিস। চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে প্যারিস সেন্ট জার্মেইর বিপক্ষে হ্যামস্ট্রিং চোট পেয়েছিলেন তিনি।
মার্শ জানিয়েছেন, ডেভিস ৩১ মে এডমন্টনে দলের সঙ্গে যোগ দেবেন। তার আগে তিনি আলাদাভাবে অনুশীলন করছেন। কানাডার বাকি খেলোয়াড়রা এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার শার্লটে অনুশীলন করেছেন।
গোলরক্ষক পজিশন নিয়ে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত করেননি মার্শ। অরল্যান্ডো সিটির ম্যাক্সিম ক্রেপো ও ইন্টার মায়ামির ডেইন সেন্ট ক্লেয়ারের মধ্যে কাকে প্রথম পছন্দ করবেন, তা নিয়ে নিজেকে ‘দোটানায়’ থাকার কথা বলেছেন তিনি। সিদ্ধান্ত আসতে আরও কয়েক দিন লাগতে পারে।
দুজন গোলরক্ষক অবশ্য বিষয়টি হালকাভাবেই নিচ্ছেন। টিএসএনের সম্প্রচারে সেন্ট ক্লেয়ার মজা করে বলেছেন, কে শুরু করবে তা ঠিক করতে তারা ‘রক-পেপার-সিজর’ খেলবেন।
কানাডার ফুটবলে ডেভিস এমন এক নাম, যাকে দেশের ক্রীড়াপ্রেমী বড় অংশই চেনে। আইস হকি, আমেরিকান ফুটবল, বাস্কেটবল ও বেসবলপ্রধান দেশটিতে ফুটবলারের এমন পরিচিতি খুব সাধারণ নয়। ২০২২ বিশ্বকাপেও তাকে ঘিরে কানাডিয়ান সমর্থকদের বড় আগ্রহ দেখা গিয়েছিল।
জোনাথন ডেভিডও কানাডায় জনপ্রিয় মুখ, বিশেষ করে দেশটির ইতালিয়ান ও হাইতিয়ান বংশোদ্ভূত জনগোষ্ঠীর মধ্যে। তবে ২০২২ বিশ্বকাপের পরিচিত মুখ জুনিয়র হইলেট এবার দলে নেই। ৩৬ বছর বয়সী এই অভিজ্ঞ ফুটবলারকে না রাখার পেছনে মার্শের গতিনির্ভর ফুটবলের ভাবনাকে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে।
সাম্প্রতিক বছরগুলোতে কানাডায় ফুটবলের জনপ্রিয়তা দ্রুত বেড়েছে। ইংলিশ ও স্প্যানিশ লিগের অনুসারী বেড়েছে, দেশটির নিজস্ব জাতীয় লিগ তৈরি হয়েছে এবং মেজর লিগ সকারেও কানাডিয়ান সমর্থকদের উপস্থিতি শক্তিশালী।
কানাডার বিশ্বকাপ দল
গোলরক্ষক: ম্যাক্সিম ক্রেপো, ওয়েন গুডম্যান, ডেইন সেন্ট ক্লেয়ার।
রক্ষণভাগ: ময়েস বোম্বিতো, ডেরেক কর্নেলিয়াস, আলফোনসো ডেভিস, লুক দে ফুজেরোলেস, অ্যালিস্টার জনস্টন, আলফি জোন্স, রিচি লারেয়া, নিকো সিগুর, জোয়েল ওয়াটারম্যান।
মিডফিল্ড: আলি আহমেদ, তাজন বুকানান, মাতিউ শোয়ানিয়ের, স্টিফেন ইউস্তাকিও, মার্সেলো ফ্লোরেস, ইসমায়েল কোনে, লিয়াম মিলার, জোনাথন ওসোরিও, নাথান সালিবা, জ্যাকব শ্যাফেলবার্গ।
ফরোয়ার্ড: জোনাথন ডেভিড, প্রমিস ডেভিড, সাইল লারিন, তানি ওলুওয়াসেই।
