logo
Advertisement

হ্যাটট্রিকের রাতেও মেসির মুখে কঠিন সময়ের কথা

এশিয়া পোস্ট স্পোর্টস
হ্যাটট্রিকের রাতেও মেসির মুখে কঠিন সময়ের কথা
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

মাঠে তিনি ইতিহাস লিখেছেন। আর্জেন্টিনার হয়ে ২০০তম ম্যাচে হ্যাটট্রিক করেছেন, বিশ্বকাপে মিরোস্লাভ ক্লোসের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁয়েছেন, আলজেরিয়ার বিপক্ষে বর্তমান চ্যাম্পিয়নদের ৩-০ গোলের জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু এমন রাতের পরও লিওনেল মেসির কথায় উঠে এল অন্য এক বাস্তবতা।

Advertisement

ম্যাচ শেষে সেরা খেলোয়াড়ের পুরস্কার নিতে গিয়ে মেসি জানালেন, বিশ্বকাপ অভিষেকের আগে কয়েকটা কঠিন দিন পার করতে হয়েছে তাকে। বিষয়টি ফুটবলের সঙ্গে সম্পর্কিত নয় বলেও পরিষ্কার করেন আর্জেন্টিনা অধিনায়ক। তবে কী ঘটেছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

মেসি বলেছেন, ‘সত্যি বলতে, খেলাধুলার সঙ্গে সম্পর্ক নেই, এমন কিছু কঠিন ও জটিল দিন পার করেছি। তবে এতটুকুই। পুরো দল, সতীর্থ, সবাইকে ধন্যবাদ। তারা সব সময়ের মতো আমার পাশে ছিল। এই সময়টা পার করতে তারা আমাকে অনেক শক্তি দিয়েছে।’

মাঠের পারফরম্যান্সে অবশ্য সেই কঠিন সময়ের কোনো ছাপ ছিল না। ১৭ মিনিটে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের নিখুঁত শটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। ৬০ মিনিটে আলজেরিয়া গোলরক্ষক লুকা জিদানের ভুল কাজে লাগিয়ে দ্বিতীয় গোল করেন। এরপর ৭৬ মিনিটে নিজের চেনা ভঙ্গিতে বক্সের বাইরে থেকে শট নিয়ে পূর্ণ করেন হ্যাটট্রিক। এই তিন গোলেই বিশ্বকাপে তার গোলসংখ্যা দাঁড়ায় ১৬, ক্লোসের সমান।

ম্যাচ নিয়ে মেসি বলেন, আর্জেন্টিনা জানত আলজেরিয়া কঠিন প্রতিপক্ষ হবে। তাদের গতিময় ও শক্তিশালী খেলোয়াড় আছে। তাই বল হারালে বিপদ তৈরি হতে পারত। তবে আর্জেন্টিনা বল ছাড়া অবস্থায়ও ভালোভাবে সংগঠিত ছিল এবং আগে গোল পেয়ে ম্যাচ নিয়ন্ত্রণ করতে পেরেছে।

তিনি আরও বলেন, বিশ্বকাপের প্রথম ম্যাচ সব সময় কঠিন। আগের বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে হারের অভিজ্ঞতা তাদের মনে ছিল। এবারও কোনো দল সহজে কিছু ছেড়ে দেবে না, সেটি বুঝেই মাঠে নেমেছিল আর্জেন্টিনা।

রেকর্ড নিয়ে অবশ্য মেসির উচ্ছ্বাস সংযত। ক্লোসের পাশে দাঁড়ানো সম্মানের হলেও তিনি এটিকে শুধু পরিসংখ্যান হিসেবে দেখছেন। মেসির ভাষায়, রোনালদো নাজারিও তার চোখে অন্যতম সেরা, অথচ তিনি তালিকার এক নম্বরে নন। তাই রেকর্ড সম্মানের হলেও সেটিই তার কাছে সবকিছু নয়।

৩৯তম জন্মদিনের খুব কাছে দাঁড়িয়ে মেসি জানালেন, তাকে এখনো এগিয়ে নিয়ে যায় খেলার আনন্দ। ছোটবেলা থেকে ফুটবল তার ভালোবাসা। যত দিন শরীর সাড়া দেবে, যত দিন নিজেকে ভালো অনুভব করবেন, তত দিন তিনি মাঠে থাকতে চান।

হ্যাটট্রিকের রাতেও মেসির মুখে কঠিন সময়ের কথা