রেফারিং নিয়ে ফিফায় মিশরের অভিযোগ

এশিয়া পোস্ট স্পোর্টস
রেফারিং নিয়ে ফিফায় মিশরের অভিযোগ
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার কাছে নাটকীয় হারে বিশ্বকাপ থেকে বিদায়ের পর রেফারিং নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ করেছে মিশর। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে ও তার অফিশিয়েটিং দলের পারফরম্যান্স নিয়ে ফিফার কাছে অভিযোগ জমা দিয়েছে।

শেষ ষোলোর ম্যাচে একসময় ২-০ গোলে এগিয়ে ছিল মিশর। কিন্তু শেষ ভাগে ক্রিস্টিয়ান রোমেরো, লিওনেল মেসি ও এনজো ফার্নান্দেজের গোলে ৩-২ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে ওঠে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের পর থেকেই কয়েকটি সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসছিল মিশর শিবির।

এএসের প্রতিবেদনে বলা হয়েছে, মিশর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হানি আবু রিদা ফিফার কাছে অভিযোগ করেছেন। মিশরের দাবি, মোস্তফা জিকোর বাতিল হওয়া গোল এবং আর্জেন্টিনার জয়সূচক গোলের আগে সম্ভাব্য পেনাল্টি না দেওয়ার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো তদন্ত করা উচিত। একই সঙ্গে ফরাসি রেফারিং দলকে বিশ্বকাপের বাকি ম্যাচগুলোর দায়িত্ব থেকে সরিয়ে রাখার অনুরোধও করা হয়েছে।

মিশর কোচ হোসাম হাসান ম্যাচ শেষে রেফারিং নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। রেফারি লেতেক্সিয়ের সিদ্ধান্তে তার দল অন্যায়ের শিকার হয়েছে বলে অভিযোগ করেন তিনি। গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, জিকোর বাতিল গোল এবং এনজোর জয়সূচক গোলের আগে ফাউল না দেওয়ার সিদ্ধান্ত নিয়েই সবচেয়ে বেশি ক্ষুব্ধ ছিল মিশর।

মিশরের ফরোয়ার্ড মোস্তফা জিকোও রেফারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তার দাবি, মিশর ২-০ এগিয়ে যাওয়ার পর থেকেই সিদ্ধান্তগুলো তাদের বিপক্ষে যাচ্ছিল। বাতিল হওয়া গোলটি এখন মিশরের অভিযোগের অন্যতম বিষয়।

তবে এসবই আপাতত মিশরের অভিযোগ। ফিফা বিষয়টি কীভাবে দেখবে, সেটিই এখন দেখার। সাধারণত ভিএআর ও রেফারিং সিদ্ধান্ত নিয়ে অভিযোগ পর্যালোচনা হলেও মাঠের ফল পরিবর্তনের সম্ভাবনা খুবই কম থাকে, যদি না বড় কোনো প্রশাসনিক বা নিয়মগত ভুল প্রমাণিত হয়।

মিশর বিদায় নিলেও এবারের বিশ্বকাপে নিজেদের ইতিহাসের সেরা অভিযান শেষ করেছে। এর আগে ১৯৩৪, ১৯৯০ ও ২০১৮ বিশ্বকাপে তারা গ্রুপ পর্ব পেরোতে পারেনি। অন্যদিকে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে সুইজারল্যান্ডের।