যুক্তরাষ্ট্রের লাল কার্ডে মিলতে পারে ফ্রি পিৎজা

বিশ্বকাপে প্রিয় দলের ফুটবলার লাল কার্ড দেখলে সাধারণত সমর্থকদের মাথায় হাত পড়ে। একজন কম নিয়ে খেলতে হয় দলকে, ম্যাচের হিসাব বদলে যায়, অনেক সময় পরের ম্যাচেও সেই খেলোয়াড়কে পাওয়া যায় না। তবে ২০২৬ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের সমর্থকদের জন্য লাল কার্ডের দুঃখে একটু অদ্ভুত সান্ত্বনা রাখছে ডমিনোজ—ফ্রি পিৎজা।
বিশ্বকাপ সামনে রেখে বিশেষ প্রচারণা চালু করেছে ডমিনোজ। যুক্তরাষ্ট্র পুরুষ ফুটবল দলের কোনো খেলোয়াড় বিশ্বকাপে লাল কার্ড দেখলে নিবন্ধন করা অংশগ্রহণকারীদের মধ্য থেকে হাজার হাজার মানুষ বিনা মূল্যে পিৎজা জেতার সুযোগ পাবেন। প্রচারণার নাম দেওয়া হয়েছে “Emergency Pizza”।
ডমিনোজ জানিয়েছে, এমন পরিস্থিতিতে ৬৩ হাজারের বেশি বিজয়ীকে র্যান্ডম ড্রয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে। বিজয়ীরা পাবেন একটি মিডিয়াম টু-টপিং পিৎজা। কোম্পানির ভাষায়, প্রিয় দলের লাল কার্ড ম্যাচের ফল বদলে দিতে পারে; তবে সেই হতাশার মুহূর্তে পিৎজা অন্তত একটু সান্ত্বনা দিতে পারে।
লাল কার্ড ফুটবলে সবচেয়ে বড় শাস্তিগুলোর একটি। গুরুতর ফাউল, সহিংস আচরণ, অসদাচরণ বা স্পষ্ট গোলের সুযোগ ঠেকানোর মতো ঘটনায় রেফারি সরাসরি লাল কার্ড দেখাতে পারেন। লাল কার্ড দেখলে সংশ্লিষ্ট খেলোয়াড়কে সঙ্গে সঙ্গে মাঠ ছাড়তে হয় এবং দলকে বাকি সময় একজন কম নিয়ে খেলতে হয়। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে এর প্রভাব আরও বড়, কারণ সাধারণত পরের ম্যাচেও নিষেধাজ্ঞা থাকে।
তবে ডমিনোজের এই অফার শুধু লাল কার্ডের সঙ্গে সীমাবদ্ধ নয়। প্রচারণার নিয়ম অনুযায়ী, যুক্তরাষ্ট্র দল লাল কার্ড দেখলে, টুর্নামেন্ট থেকে বিদায় নিলে বা ট্রফি জিতলে এই তিন ঘটনার মধ্যে যেটি আগে ঘটবে, সেটির ভিত্তিতেও পিৎজা বিতরণ হতে পারে।
বলে রাখা ভালো এই অফার শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রাহকদের জন্য। এই অফারে অংশ নিতে হলে যুক্তরাষ্ট্রের গ্রাহকদের ডমিনোজের নির্দিষ্ট ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। একই সঙ্গে ডমিনোস রিওয়ার্ড প্রোগ্রামের সদস্য হতে হবে। নিবন্ধনের শেষ সময় ১০ জুন ২০২৬, যুক্তরাষ্ট্রের ইস্টার্ন সময় রাত ১১টা ৫৯ মিনিট। বিজয়ীরা ২ আগস্ট ২০২৬ পর্যন্ত পিৎজা রিডিম করার সুযোগ পাবেন।
ডমিনোজ এই বিশ্বকাপ ঘিরে আরেকটি প্রচারণাও চালাচ্ছে। ইএ স্পোর্টস এফসি ২৬ ভিডিও গেমের নির্বাচিত খেলোয়াড়দের মধ্যেও ৭৫ হাজার ফ্রি ইমার্জেন্সি পিৎজা দেওয়া হবে। নির্দিষ্ট শুক্রবারগুলোতে গেমের ভেতরে র্যান্ডমভাবে প্রোমো কোড দেওয়া হবে, যা দিয়ে যুক্তরাষ্ট্রের যোগ্য খেলোয়াড়রা ফ্রি পিৎজা নিতে পারবেন।
২০২৬ বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের ম্যাচগুলো ঘিরে এমনিতেই স্থানীয় বাজারে বড় আগ্রহ তৈরি হয়েছে। সেই আবহে বিভিন্ন ব্র্যান্ড ফুটবলভিত্তিক প্রচারণায় নেমেছে। ডমিনোজের এই পিৎজা অফারও সেই মার্কেটিং যুদ্ধেরই অংশ।
বিশ্বকাপে লাল কার্ড কোনো দলের জন্য দুঃস্বপ্ন হতে পারে। কিন্তু ডমিনোজ সেটিকেই বানিয়েছে মার্কেটিংয়ের সুযোগ। যুক্তরাষ্ট্রের ফুটবলার লাল কার্ড দেখলে মাঠে সমর্থকদের হতাশা বাড়বে, আর বাইরে কারও কারও হাতে পৌঁছে যেতে পারে ফ্রি পিৎজা।
