logo

বিশ্বকাপের আগে মেসিকে নিয়ে স্কালোনির সতর্ক বার্তা

বিশ্বকাপের আগে মেসিকে নিয়ে স্কালোনির সতর্ক বার্তা
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ শুরুর আগে লিওনেল মেসিকে নিয়ে আর্জেন্টিনার উদ্বেগ পুরোপুরি কাটছে না। চোট গুরুতর নয়, এমন ইঙ্গিত মিললেও আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি স্বীকার করেছেন, জাতীয় দলের ক্যাম্পে শতভাগ ফিট অবস্থায় যোগ দিচ্ছেন না অধিনায়ক মেসি।

ইন্টার মায়ামির হয়ে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ৬-৪ গোলের ম্যাচে ৭৩তম মিনিটে মাঠ ছাড়েন মেসি। ফ্রি-কিক নেওয়ার পর বাঁ পায়ের পেছনের অংশে অস্বস্তি অনুভব করতে দেখা যায় তাঁকে। পরে মায়ামি জানায়, মেসির বাঁ হ্যামস্ট্রিংয়ে পেশির ক্লান্তিজনিত চাপ ধরা পড়েছে। মাঠে ফেরার সময় নির্ভর করবে তাঁর ক্লিনিক্যাল ও ফাংশনাল অগ্রগতির ওপর।

ডি-স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে স্কালোনি বলেন, প্রাথমিক খবর পুরোপুরি খারাপ নয়। তবে আরও পরীক্ষার ফল এবং মেসির শারীরিক অগ্রগতি দেখেই চূড়ান্ত ধারণা পাওয়া যাবে। আর্জেন্টিনা কোচের কথায়, সবাই চেয়েছিল মেসি যেন পুরো ফিট হয়ে দলের সঙ্গে যোগ দেন, কিন্তু বাস্তবতা সেটি নয়।

তবে শুধু মেসি নন, বিশ্বকাপের আগে আর্জেন্টিনার চিন্তার তালিকা এখন বেশ বড়। গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের আঙুলে চোট আছে, যদিও তাঁকে বিশ্বকাপের শুরুতে পাওয়া যাবে বলেই আশা করা হচ্ছে। টটেনহাম ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো ডান হাঁটুর লিগামেন্ট সমস্যায় পুনর্বাসনে আছেন। নাহুয়েল মলিনা, গনসালো মনতিয়েল, নিকো পাজ ও নিকোলাস গনসালেসকেও নিয়ে আলাদা সতর্কতা আছে স্কালোনির কোচিং স্টাফের।

চোটের এই ধাক্কায় প্রস্তুতি পরিকল্পনাতেও পরিবর্তন আনতে হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের। হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগে স্কোয়াডে কয়েকজন তরুণকে ডাকা হয়েছে নিরাপত্তা-বিকল্প হিসেবে। স্কালোনির ব্যাখ্যা, চূড়ান্ত তালিকা জমা দেওয়ার পরও প্রথম ম্যাচের আগ পর্যন্ত পরিস্থিতি বদলাতে পারে। তাই সম্ভাব্য জরুরি পরিস্থিতির কথা মাথায় রেখেই বিকল্প খেলোয়াড়দের দেখা হচ্ছে।

বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ ১৬ জুন, প্রতিপক্ষ আলজেরিয়া। তার আগে সবচেয়ে বড় প্রশ্ন এখন মেসির ফিটনেস। আপাতত তাঁর বিশ্বকাপ খেলা নিয়ে বড় শঙ্কা তৈরি হয়নি, তবে আর্জেন্টিনা শিবির যে অধিনায়ককে নিয়ে এক বিন্দুও ঝুঁকি নিতে চাইবে না, সেটি পরিষ্কার।