logo
Advertisement

প্রায় খালি বিমানে ফিরল ব্রাজিল, ফুটবলার ছিলেন শুধু একজন

এশিয়া পোস্ট স্পোর্টস
প্রায় খালি বিমানে ফিরল ব্রাজিল, ফুটবলার ছিলেন শুধু একজন
ছবি: সংগৃহীত

নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায়ের পর ব্রাজিল দলে ছড়িয়ে পড়েছে হতাশা ও নীরবতা। সেই বিষণ্নতার মধ্যেই আলাদা করে নজর কাড়ল একটি দৃশ্য। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের চার্টার্ড ফ্লাইট রিও ডি জেনেইরোর পথে ফিরেছে, কিন্তু ২৬ সদস্যের মূল স্কোয়াডের ফুটবলারদের মধ্যে তাতে ছিলেন শুধু একজন, দানিলো।

Advertisement

শেষ ষোলোয় নরওয়ের কাছে ২-১ গোলে হেরে থেমে যায় ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্ন। যুক্তরাষ্ট্রে যাওয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের অভিযান শেষ হয় হতাশায়। ম্যাচের পর নেইমারসহ অনেক ফুটবলার সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দেন। এরপর দল ছাড়ার অনুমতি পেয়ে বেশির ভাগ ফুটবলার নিজ নিজ গন্তব্যে রওনা হন।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের প্রতিবেদনে বলা হয়েছে, নরওয়ে ম্যাচের পরই ব্রাজিলের ফুটবলারদের ছুটি দেওয়া হয়। ইউরোপের ক্লাবে খেলা ফুটবলাররা সরাসরি ছুটিতে চলে যান। ব্রাজিলের ক্লাবে খেলা ফুটবলাররাও নিজ নিজ ক্লাবে ফেরার আগে কিছুদিনের ছুটি পাচ্ছেন। সেই কারণেই দলীয় ফ্লাইটে মূল স্কোয়াডের খেলোয়াড়দের মধ্যে শুধু ডিফেন্ডার দানিলো রিও ডি জেনেইরোতে ফেরেন।

তবে বিমানটি পুরোপুরি খালি ছিল না। দানিলোর সঙ্গে ছিলেন ব্রাজিল দলের কোচিং স্টাফ, মেডিকেল টিম, নিরাপত্তাকর্মী, যোগাযোগ ও প্রশাসনিক বিভাগের সদস্যরা। ছিলেন গোলরক্ষক লিও নান্নেত্তিও। তিনি মূল স্কোয়াডের অংশ ছিলেন না, তবে বিশ্বকাপজুড়ে দলের অনুশীলনে সহায়তা করতে ব্রাজিল দলের সঙ্গে ছিলেন।

ব্রাজিলের বিদায়টা ছিল কঠিন। নরওয়ের বিপক্ষে আর্লিং হালান্ডের জোড়া গোলে পিছিয়ে পড়ে কার্লো আনচেলত্তির দল। শেষ দিকে নেইমার পেনাল্টি থেকে গোল করলেও আর ফিরে আসতে পারেনি ব্রাজিল। ম্যাচ শেষে নেইমারের কান্না, ফুটবলারদের হতাশা আর সমর্থকদের ক্ষোভ মিলিয়ে ব্রাজিল শিবিরে তৈরি হয় ভারী পরিবেশ।

কোচ আনচেলত্তিও দলীয় ফ্লাইটে ব্রাজিলে ফেরেননি। ব্রাজিলীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তিনি যুক্তরাষ্ট্র থেকে ভ্যাঙ্কুভারে গেছেন, যেখানে পরিবারের সঙ্গে তার থাকার জায়গা আছে। সেপ্টেম্বরের ফিফা উইন্ডোর আগে এখন ব্রাজিল ফুটবলে সবচেয়ে বড় প্রশ্ন, এই ব্যর্থতার পর দল পুনর্গঠনের পথ কতটা বদলাবে।