কোয়ার্টারের চার ম্যাচ কখন, কে কার মুখোমুখি?

এশিয়া পোস্ট নিউজ
কোয়ার্টারের চার ম্যাচ কখন, কে কার মুখোমুখি?
ছবি: সংগৃহীত

রোমাঞ্চকর শেষ ষোলো শেষে ২০২৬ বিশ্বকাপে টিকে আছে আর মাত্র আট দল। বিদায় নিয়েছে ব্রাজিল, পর্তুগাল, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার মতো দল। একদিনের বিরতির পর এবার শুরু হচ্ছে শেষ আটের লড়াই।

কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স, মরক্কো, স্পেন, বেলজিয়াম, নরওয়ে, ইংল্যান্ড, আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। চারটি ম্যাচই আলাদা গল্প নিয়ে হাজির। কোথাও ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালের পুনরাবৃত্তি, কোথাও ইউরোপীয় শক্তির লড়াই, কোথাও আবার মেসি-হালান্ডদের শিরোপা ধরে রাখার বা ইতিহাস লেখার পথ।

প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও মরক্কো। ম্যাচটি হবে ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে। বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচটি শুরু হবে ১০ জুলাই, শুক্রবার রাত ২টায়। ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে মরক্কোকে হারিয়েছিল ফ্রান্স। চার বছর পর এবার শেষ আটে আবার দেখা হচ্ছে দুই দলের।

দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে খেলবে স্পেন ও বেলজিয়াম। লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ১১ জুলাই, শনিবার রাত ১টায়। শেষ ষোলোয় পর্তুগালকে হারিয়ে এসেছে স্পেন, আর যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে শেষ আটে উঠেছে বেলজিয়াম।

তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে নরওয়ে ও ইংল্যান্ড। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচটি হবে বাংলাদেশ সময় ১২ জুলাই, রোববার রাত ৩টায়। ব্রাজিলকে হারিয়ে নরওয়ের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। অন্যদিকে মেক্সিকোর বিপক্ষে কঠিন জয় তুলে শেষ আটে উঠেছে ইংল্যান্ড।

সবচেয়ে বেশি নজর থাকবে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে। কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ১২ জুলাই, রোববার সকাল ৭টায়। মিশরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে সুইজারল্যান্ড।

এই চার ম্যাচের জয়ী দল উঠবে সেমিফাইনালে। শেষ আটে তাই শুধু বড় নাম নয়, বড় গল্পও আছে। মেসির আর্জেন্টিনা কি শিরোপা ধরে রাখার পথে আরও এক ধাপ এগোবে, নাকি সুইজারল্যান্ড লিখবে নতুন ইতিহাস? ফ্রান্স কি আবার মরক্কোকে থামাবে, নাকি আফ্রিকার দলটি নেবে চার বছর আগের প্রতিশোধ? উত্তর মিলবে কোয়ার্টার ফাইনালের চার রাতেই।