নেইমারকে বেঞ্চে রেখে সেলেসাওদের একাদশ ঘোষণা

বিশ্বকাপের শেষ ৩২-এ জাপানের বিপক্ষে ম্যাচে শুরু থেকে খেলছেন না নেইমার। হিউস্টন স্টেডিয়ামে নকআউট পর্বের গুরুত্বপূর্ণ লড়াইয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল নামছে ভিনিসিয়ুস জুনিয়র, মাতেউস কুনিয়া ও রায়ানকে নিয়ে সাজানো আক্রমণভাগ নিয়ে।
স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে চোট কাটিয়ে বদলি হিসেবে মাঠে ফিরেছিলেন নেইমার। এরপর জাপান ম্যাচের আগে তাকে ঘিরে ছিল বাড়তি আলোচনা। কোচ কার্লো আনচেলত্তিও নেইমারের ফিটনেস নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছিলেন। তবে নকআউটের শুরুতেই তাকে একাদশে রাখেননি ব্রাজিল কোচ।
ব্রাজিলের গোলবারে থাকছেন অ্যালিসন। রক্ষণে দানিলো, মারকিনিয়োস, গ্যাব্রিয়েল ও ডগলাস সান্তোসকে রেখেছেন আনচেলত্তি। মাঝমাঠের দায়িত্বে থাকবেন কাসেমিরো, ব্রুনো গিমারায়েস ও লুকাস পাকেতা।
আক্রমণভাগে ব্রাজিলের বড় ভরসা ভিনিসিয়ুস জুনিয়র। তার সঙ্গে থাকবেন রায়ান ও মাতেউস কুনিয়া। নেইমার শুরুতে না থাকায় আক্রমণের গতি, প্রেসিং ও ফিনিশিংয়ে এই ত্রয়ীর ওপরই বেশি নির্ভর করবে সেলেসাওরা।
জাপানের বিপক্ষে ম্যাচটি ব্রাজিলের জন্য সহজ পরীক্ষা নয়। সাম্প্রতিক সময়ে বড় দলগুলোর বিপক্ষে ভালো ফল করেছে জাপান। নকআউট পর্ব হওয়ায় একটি ভুলই বিদায়ের কারণ হতে পারে। তাই একাদশ বাছাইয়ে সতর্ক পথই নিয়েছেন আনচেলত্তি।
গ্রুপ পর্বে মরক্কোর সঙ্গে ড্র দিয়ে শুরু করলেও পরের দুই ম্যাচে জয় পেয়ে শেষ ৩২-এ ওঠে ব্রাজিল। এবার লক্ষ্য শেষ ষোলো। আর সেই পথে প্রথম বাধা আত্মবিশ্বাসী জাপান।
ব্রাজিল একাদশ:
অ্যালিসন; দানিলো, মারকিনিয়োস, গ্যাব্রিয়েল, ডগলাস সান্তোস; কাসেমিরো, ব্রুনো গিমারায়েস, লুকাস পাকেতা; রায়ান, ভিনিসিয়ুস জুনিয়র, মাতেউস কুনিয়া।





