logo

দল ঘোষণার দুদিন পর কঙ্গোর বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন

দল ঘোষণার দুদিন পর কঙ্গোর বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন
কঙ্গো ফুটবল দল। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের দল ঘোষণার দুদিনের মধ্যেই স্কোয়াডে পরিবর্তন আনতে হলো ডিআর কঙ্গোকে। চোটের কারণে ছিটকে গেছেন হাইবার্নিয়ান সেন্টারব্যাক রকি বুশিরি। তার বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন কিলমারনক ডিফেন্সিভ মিডফিল্ডার অ্যারন শিবোলা।

সোমবার ২৬ সদস্যের দল ঘোষণা করেছিলেন কোচ সেবাস্তিয়ান দেশাব্রে। তবে ক্লাবের হয়ে শেষ ম্যাচে পাওয়া চোটের কারণে বুশিরিকে বিশ্বকাপ থেকে সরিয়ে নিতে হয়েছে। কঙ্গোলিজ ফুটবল ফেডারেশন বিবৃতিতে জানিয়েছে, বুশিরির জায়গায় কিলমারনক ফুটবলার শিবোলাকে ডাকা হয়েছে।

লন্ডনে জন্ম নেওয়া শিবোলা আগে নটিংহাম ফরেস্ট ও অ্যাস্টন ভিলার সঙ্গেও ছিলেন। ইংল্যান্ডের বয়সভিত্তিক দলে খেললেও ২০১৮ সালে ডিআর কঙ্গোর হয়ে অভিষেক হয় তার। তবে এরপর জাতীয় দলে নিয়মিত হতে পারেননি। পাঁচ বছর পর আবার দলে ফেরেন তিনি।

জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১৬ ম্যাচ খেলেছেন শিবোলা। ২০২৩ আফ্রিকা কাপ অব নেশনসে ডিআর কঙ্গোর চতুর্থ হওয়ার পথেও দলে ছিলেন তিনি। তবে মরক্কোয় হওয়া সর্বশেষ মহাদেশীয় টুর্নামেন্টে খেলেননি এই মিডফিল্ডার।

বিশ্বকাপে গ্রুপ ‘কে’-তে ডিআর কঙ্গোর প্রতিপক্ষ পর্তুগাল, কলম্বিয়া ও উজবেকিস্তান। দেশটি সর্বশেষ বিশ্বকাপে খেলেছিল ১৯৭৪ সালে, তখন তাদের নাম ছিল জায়ার। পশ্চিম জার্মানিতে সেই আসরে তিন ম্যাচই হেরেছিল তারা। যুগোস্লাভিয়ার কাছে ৯-০ গোলের বড় হারও ছিল সেই বিশ্বকাপে।

ডিআর কঙ্গোর সংশোধিত বিশ্বকাপ দল

গোলকিপার: মাতিয়ু এপোলো, টিমোথি ফায়ুলু, লিওনেল এমপাসি।

ডিফেন্ডার: ডিলান বাতুবিনসিকা, গেদেওন কালুলু, স্টিভ কাপুয়াদি, জোরিস কায়েম্বে, আর্থার মাসুয়াকু, চান্সেল এমবেম্বা, আক্সেল তুয়ানজেবে, অ্যারন ওয়ান-বিসাকা।

মিডফিল্ডার: থিও বংগোন্দা, ব্রায়ান সিপেঙ্গা, মেশাক এলিয়া, গায়েল কাকুতা, এদো কায়েম্বে, নাথানায়েল এমবুকু, স্যামুয়েল মুতুসামি, এনগাল’আয়েল মুকাউ, চার্লস পিকেল, নোয়া সাদিকি, অ্যারন শিবোলা।

ফরোয়ার্ড: সেদ্রিক বাকাম্বু, সিমন বানজা, ফিস্টন মায়েলে, ইয়োয়ানে উইসা।