logo

শেষ মুহূর্তে আর্জেন্টিনার বিশ্বকাপ দলে পরিবর্তন

শেষ মুহূর্তে আর্জেন্টিনার বিশ্বকাপ দলে পরিবর্তন
আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ শুরুর আগে আর্জেন্টিনা দলে পরিবর্তন আনতে হলো লিওনেল স্কালোনিকে। চোটে ছিটকে যাওয়া লিওনার্দো বালের্দির বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন ডিফেন্ডার মার্কোস সেনেসি। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ২৯ বছর বয়সী এই বাঁ-পায়ের সেন্টারব্যাক বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের কানসাসে আর্জেন্টিনা দলের সঙ্গে যোগ দেবেন।

বালের্দি ডান পায়ের সোলিয়াস পেশির চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। মার্সেইয়ের এই ডিফেন্ডার প্রথমবার বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন। তবে অনুশীলনে চোট পাওয়ায় তাঁর সেই স্বপ্ন শেষ হয়ে যায়। এরপর থেকেই প্রশ্ন ছিল, তাঁর জায়গায় স্কালোনি কাকে ডাকবেন।

শেষ পর্যন্ত সেই জায়গায় সেনেসিকেই বেছে নিয়েছেন আর্জেন্টিনা কোচ। সান লরেনসো থেকে উঠে আসা সেনেসি গত কয়েক মৌসুমে বোর্নমাউথের হয়ে নিজেকে প্রিমিয়ার লিগে প্রতিষ্ঠিত করেছেন। ইংলিশ ক্লাবটির হয়ে চার মৌসুম কাটানোর পর তাঁর টটেনহামে যোগ দেওয়াও নিশ্চিত হয়েছে। আনুষ্ঠানিকভাবে তিনি ১ জুলাই টটেনহামের খেলোয়াড় হবেন।

আর্জেন্টিনার ২৬ সদস্যের মূল বিশ্বকাপ দলে জায়গা পাননি সেনেসি। তবে সম্ভাব্য ডাকের কথা মাথায় রেখে ছুটির সময়ও তিনি বিশেষ অনুশীলন চালিয়ে গেছেন বলে আর্জেন্টিনার সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শেষ পর্যন্ত সেই প্রস্তুতিই কাজে লাগল।

সেনেসির আন্তর্জাতিক ক্যারিয়ারে একটি আলাদা গল্পও আছে। ২০২২ সালে তিনি একই সময়ে আর্জেন্টিনা ও ইতালি—দুই দেশ থেকেই ডাক পেয়েছিলেন। পরে আর্জেন্টিনাকেই বেছে নেন। এস্তোনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে তাঁর অভিষেক হয়। এরপর জাতীয় দলের হয়ে কয়েকটি ম্যাচ খেললেও এখনো কোনো বড় অফিসিয়াল টুর্নামেন্টে নিয়মিত ভূমিকা পাননি তিনি।

মার্কোস সেনেসি। ছবি: সংগৃহীত
মার্কোস সেনেসি। ছবি: সংগৃহীত

স্কালোনির সাম্প্রতিক পরিকল্পনাতেও সেনেসি পুরোপুরি বাইরে ছিলেন না। গত এক বছরে আর্জেন্টিনার হয়ে কয়েকটি প্রীতি ম্যাচে সুযোগ পেয়েছেন তিনি। তবে বিশ্বকাপের মূল দলে জায়গা পাওয়ার লড়াইয়ে শুরুতে বালের্দির কাছেই পিছিয়ে পড়েছিলেন। বালের্দির চোটই আবার তাঁর জন্য দরজা খুলে দিল।

সেনেসির যোগ হওয়ায় আর্জেন্টিনার রক্ষণে বাঁ-পায়ের সেন্টারব্যাকের সংখ্যা বাড়ল। নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেস ও সেনেসি—তিনজনই সাধারণত বাঁ দিকে খেলতে স্বচ্ছন্দ। ফাকুন্দো মেদিনাও ওই জায়গায় খেলতে পারেন, যদিও তাঁকে মূলত নিকোলাস তাগলিয়াফিকোর বিকল্প হিসেবেও বিবেচনা করা হচ্ছে।

ফিফার নিয়ম অনুযায়ী বালের্দির জায়গায় আসায় সেনেসি ২ নম্বর জার্সি পরবেন বলে টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে। এই নম্বরটি মূলত বালের্দির জন্য বরাদ্দ ছিল।