logo

ব্রাজিল একাদশে রায়ান, বেঞ্চে ফিরলেন নেইমার

ব্রাজিল একাদশে রায়ান, বেঞ্চে ফিরলেন নেইমার
ম্যাচের আগে নেইমারকে নিয়ে ভক্তদের মধ্যে উচ্ছাস দেখা যায়। ছবি: সংগৃহীত

স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে একটি পরিবর্তন নিয়ে নামছে ব্রাজিল। চোটে পড়া রাফিনিয়ার জায়গায় ডান প্রান্তে শুরু করছেন ১৯ বছর বয়সী ফরোয়ার্ড রায়ান। আর প্রায় তিন বছর পর জাতীয় দলের ম্যাচ স্কোয়াডে ফেরা নেইমার থাকছেন বদলি বেঞ্চে।

মায়ামিতে গ্রুপ ‘সি’-এর শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শেষ ৩২ নিশ্চিত করতে ব্রাজিলের দরকার অন্তত ড্র। তবে কার্লো আনচেলত্তির দলের লক্ষ্য শুধু নকআউট নয়, গ্রুপের শীর্ষস্থান ধরে রাখাও। দুই ম্যাচ শেষে ব্রাজিল ও মরক্কোর পয়েন্ট সমান ৪, তবে গোল ব্যবধানে এগিয়ে আছে ব্রাজিল।

রাফিনিয়া হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচে হ্যামস্ট্রিং চোট পান। সেই চোটের কারণেই স্কটল্যান্ড ম্যাচে তাকে পাওয়া যাচ্ছে না। শেষ অনুশীলনে রায়ানকে ডান প্রান্তে ব্যবহার করেছিলেন আনচেলত্তি। ম্যাচের একাদশেও সেটিই চূড়ান্ত হলো। হাইতির বিপক্ষে বদলি নেমে ভালো করার পর বড় মঞ্চে শুরু থেকেই নিজেকে প্রমাণের সুযোগ পাচ্ছেন তরুণ এই উইঙ্গার।

নেইমারের ফেরাও ব্রাজিল সমর্থকদের জন্য বড় খবর। তিনি শুরু করছেন না, তবে বেঞ্চে আছেন। কাফ ইনজুরির কারণে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি ব্রাজিলের নম্বর ১০। মরক্কোর বিপক্ষে ১-১ ড্র এবং হাইতির বিপক্ষে ৩-০ জয়ের ম্যাচে বাইরে থাকার পর স্কটল্যান্ড ম্যাচেই প্রথমবার তাকে ব্যবহার করতে পারেন আনচেলত্তি।

প্রি-ম্যাচ আবহেও নেইমারকে ঘিরে ছিল বাড়তি আগ্রহ। ব্রাজিল দলের সঙ্গে স্টেডিয়ামে তাঁর আগমন, গ্যালারিতে ব্রাজিল সমর্থকদের পেলé, রোনালদিনিও ও নেইমারকে ঘিরে শ্রদ্ধা, সব মিলিয়ে মায়ামিতে ম্যাচের আগে হলুদ উৎসবের আলাদা আবহ তৈরি হয়।

ব্রাজিলের একাদশ: আলিসন; দানিলো, মার্কিনিওস, গাব্রিয়েল মাগালিয়েস, দগলাস সান্তোস; ব্রুনো গিমারায়েস, কাসেমিরো, লুকাস পাকেতা; রায়ান, মাতেউস কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।