কেপ ভার্দের বিপক্ষে নেমেই নতুন ইতিহাস মেসির

কেপ ভার্দের বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে শুরু করেই বিশ্বকাপে আরেকটি রেকর্ড নিজের করে নিলেন লিওনেল মেসি। পুরুষদের বিশ্বকাপ ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ৩০ ম্যাচ খেলার মাইলফলক ছুঁলেন আর্জেন্টিনা অধিনায়ক।
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বিশ্বকাপ অভিষেকেই চমক দেখানো কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে ফিরেছেন মেসি। তার সঙ্গে আক্রমণে আছেন লাউতারো মার্তিনেজ। বেঞ্চে রাখা হয়েছে হুলিয়ান আলভারেসকে।
এই ম্যাচটি আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির জন্যও বিশেষ। ২০১৮ সালে দায়িত্ব নেওয়ার পর জাতীয় দলের কোচ হিসেবে এটি তার ১০০তম ম্যাচ। স্কালোনির অধীনে আর্জেন্টিনা কোপা আমেরিকা ও বিশ্বকাপ জিতে নিজেদের সোনালি সময় ফিরিয়েছে।
আর্জেন্টিনার একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, ফাকুন্দো মেদিনা; রদ্রিগো দে পল, আলেক্সিস ম্যাক আলিস্টার, এনজো ফের্নান্দেজ, থিয়াগো আলমাদা; লিওনেল মেসি ও লাউতারো মার্তিনেজ।
কেপ ভার্দের একাদশ: ভোজিনিয়া; স্টিভেন মোরেইরা, পিকো লোপেস, দিনেই বোর্হেস, সিডনি লোপেস কাবরাল; কেভিন পিনা; রায়ান মেন্দেস, দেরয় দুয়ার্তে, লারোস দুয়ার্তে, জোভানে কাবরাল; নুনো দা কস্তা।
চোটের কারণে অনিশ্চয়তায় থাকা কেপ ভার্দে মিডফিল্ডার তেলমো আরকাঞ্জো বেঞ্চে আছেন। অন্যদিকে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন সিডনি লোপেস কাবরাল। স্পেন ও উরুগুয়ের বিপক্ষে হলুদ কার্ড দেখায় সৌদি আরবের বিপক্ষে ম্যাচে তিনি নিষিদ্ধ ছিলেন।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে বিশ্রাম ও রদবদলের পর নকআউটে আবারও মূল শক্তি নিয়ে নামছে আর্জেন্টিনা। জর্ডানের বিপক্ষে মেসিকে বিশ্রাম দিয়েছিলেন স্কালোনি। এবার কেপ ভার্দের বিপক্ষে রেকর্ডের রাতে অধিনায়ককে শুরু থেকেই মাঠে নামালেন তিনি।
আর্জেন্টিনা ম্যাচটির পরিষ্কার জয়ের দাবিদার। তবে কেপ ভার্দে এই বিশ্বকাপে দেখিয়েছে, তারা বড় দলের বিপক্ষেও ভয় পায় না। স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে অপরাজিত থেকে শেষ ৩২-এ ওঠা দলটি রক্ষণে সংগঠিত এবং পাল্টা আক্রমণে বিপজ্জনক।




