বিশ্বকাপের শেষ ষোলো: কবে, কখন, কার বিপক্ষে কে

শেষ ৩২-এর লড়াই শেষ, এবার বিশ্বকাপে শুরু হচ্ছে শেষ ষোলোর পরীক্ষা। ১৬ দলের এই নকআউট পর্বে আট ম্যাচের মাধ্যমে ঠিক হবে কোয়ার্টার ফাইনালের আট দল।
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলোয় উঠেছে। লিওনেল মেসিদের সামনে এবার মিশর, যারা শেষ ৩২-এ অস্ট্রেলিয়াকে পেনাল্টি শুটআউটে হারিয়েছে। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১০টায় আটলান্টায় হবে আর্জেন্টিনা-মিশর ম্যাচ।
শেষ ষোলোর প্রথম ম্যাচে মুখোমুখি হবে কানাডা ও মরক্কো। ম্যাচটি হবে শনিবার বাংলাদেশ সময় রাত ১১টায়। একই রাত পেরিয়ে রোববার ভোর ৩টায় ফিলাডেলফিয়ায় প্যারাগুয়ের বিপক্ষে খেলবে ফ্রান্স।
এরপর ব্রাজিলের পরীক্ষা নরওয়ের বিপক্ষে। বাংলাদেশ সময় সোমবার রাত ২টায় নিউ জার্সিতে হবে ম্যাচটি। একই দিন সকাল ৬টায় মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে মেক্সিকোর বিপক্ষে খেলবে ইংল্যান্ড। আবহাওয়ার কারণে ম্যাচের সময় এগিয়ে আনার আলোচনা হয়েছিল, তবে শেষ পর্যন্ত নির্ধারিত সময়ই থাকছে।
শেষ ষোলোর সবচেয়ে বড় ম্যাচগুলোর একটি পর্তুগাল-স্পেন। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১টায় ডালাসে মুখোমুখি হবে দুই ইউরোপীয় শক্তি। একই দিন সকাল ৬টায় সিয়াটলে বেলজিয়ামের বিপক্ষে খেলবে যুক্তরাষ্ট্র।
শেষ দিনে আর্জেন্টিনা-মিশর ম্যাচের পর বুধবার রাত ২টায় ভ্যাঙ্কুভারে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে কলম্বিয়া। ঘানাকে ১-০ গোলে হারিয়ে শেষ দল হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছে কলম্বিয়া। জন আরিয়াসের গোলেই নকআউটে টিকে থাকে দক্ষিণ আমেরিকার দলটি।
শেষ ষোলোর নিয়ম আগের মতোই। নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচ ড্র থাকলে হবে ৩০ মিনিট অতিরিক্ত সময়। সেখানেও সমতা থাকলে পেনাল্টি শুটআউটে নির্ধারিত হবে কোয়ার্টার ফাইনালের দল।
- কানাডা বনাম মরক্কো: শনিবার, ৪ জুলাই, রাত ১১টা
- প্যারাগুয়ে বনাম ফ্রান্স: রোববার, ৫ জুলাই, ভোর ৩টা
- ব্রাজিল বনাম নরওয়ে: সোমবার, ৬ জুলাই, রাত ২টা
- মেক্সিকো বনাম ইংল্যান্ড: সোমবার, ৬ জুলাই, সকাল ৬টা
- পর্তুগাল বনাম স্পেন: মঙ্গলবার, ৭ জুলাই, রাত ১টা
- যুক্তরাষ্ট্র বনাম বেলজিয়াম: মঙ্গলবার, ৭ জুলাই, সকাল ৬টা
- আর্জেন্টিনা বনাম মিশর: মঙ্গলবার, ৭ জুলাই, রাত ১০টা
- সুইজারল্যান্ড বনাম কলম্বিয়া: বুধবার, ৮ জুলাই, রাত ২টা




