Advertisement

পেলের ৫৬ বছরের রেকর্ড ভাঙলেন অলিসে

এশিয়া পোস্ট স্পোর্টস
পেলের ৫৬ বছরের রেকর্ড ভাঙলেন অলিসে
মাইকেল অলিসে। ছবি: রয়টার্স

কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলেও জেতেনি ফ্রান্স। তবে সেই দুই গোলের পথ তৈরি করে নিজের নামে বিশ্বকাপ ইতিহাসের একটি বড় রেকর্ড লিখেছেন মাইকেল অলিস। এক আসরে সাত গোলে অ্যাসিস্ট করে ব্রাজিল কিংবদন্তি পেলের ৫৬ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছেন ফরাসি তারকা।

১৯৭০ বিশ্বকাপে ছয় গোলে সহায়তা করেছিলেন পেলে। মেক্সিকোর সেই আসরে ব্রাজিলকে তৃতীয় বিশ্বকাপ জেতানোর পথে চারটি গোলও করেছিলেন তিনি। এরপর পাঁচ দশকের বেশি সময় ধরে এক আসরে তার ছয় অ্যাসিস্টের রেকর্ড ছুঁতে পারেননি কেউ।

ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের আগে অলিসের অ্যাসিস্ট ছিল পাঁচটি। দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে তার পাস থেকে প্রথম গোলটি করেন এমবাপ্পে। এই অ্যাসিস্টে পেলেকে ছুঁয়ে ফেলেন বায়ার্ন মিউনিখের ২৪ বছর বয়সী তারকা।

৬৭ মিনিটে আবারও অলিসের সঙ্গে বল দেওয়া-নেওয়ার পর গোল করেন এমবাপ্পে। অলিসের অ্যাসিস্ট সংখ্যা দাঁড়ায় সাতটিতে। পেলের ছয় অ্যাসিস্টের রেকর্ড পেছনে ফেলে এক বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলে অ্যাসিস্টের নতুন মালিক হয়ে যান তিনি।

নিজের প্রথম বিশ্বকাপেই রেকর্ডটি গড়লেন অলিসে। গ্রুপ পর্বে সেনেগালের বিপক্ষে এমবাপ্পের একটি গোলে সহায়তা দিয়ে শুরু করেছিলেন তিনি। এরপর ইরাক ও সুইডেনের বিপক্ষে দুটি করে গোলে অ্যাসিস্ট করেন। ইংল্যান্ডের বিপক্ষে আরও দুটি যোগ করে সংখ্যাটি সাতটিতে নিয়ে গেলেন।

গোলও পেতে পারতেন অলিসে। ফ্রান্স ৪-৩ ব্যবধানে পিছিয়ে থাকার সময় দুবার তাঁর সামনে সমতা ফেরানোর সুযোগ এসেছিল। কিন্তু ভালো জায়গা থেকে নেওয়া দুটি শটই লক্ষ্যে রাখতে পারেননি। শেষ পর্যন্ত ফ্রান্স হেরেছে ৬-৪ গোলে।

দলের অভিযান শেষ হয়েছে চতুর্থ হয়ে। কিন্তু এমবাপ্পে যেমন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিয়ে ফিরছেন, অ্যাসিস্টের সর্বকালীন রেকর্ডটি সঙ্গে নিয়ে উত্তর আমেরিকা ছাড়ছেন অলিসে।