logo
Advertisement

দুই পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল

এশিয়া পোস্ট স্পোর্টস
দুই পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল
মাতেউস কুনিয়া । ছবি: সংগৃহীত

মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর হাইতির বিপক্ষে একাদশে দুই পরিবর্তন এনেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। ফিলাডেলফিয়ায় গ্রুপ ‘সি’-এর ম্যাচে ইগর থিয়াগো ও রজার ইবানিয়েসের জায়গায় শুরু করছেন মাতেউস কুনিয়া ও দানিলো।

Advertisement

মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করেছিল ব্রাজিল। সেই ম্যাচের পর একাদশ নিয়ে সমালোচনা হয়েছিল। বিশেষ করে আক্রমণের কেন্দ্রে ইগর থিয়াগো এবং রাইটব্যাকে ইবানিয়েসকে শুরু করানো নিয়ে প্রশ্ন উঠেছিল। হাইতির বিপক্ষে তাই প্রত্যাশিতভাবেই দুই জায়গায় বদল আনলেন আনচেলত্তি।

আক্রমণে ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনিয়ার সঙ্গে শুরু করছেন কুনিয়া। মাঝমাঠে থাকছেন কাসেমিরো, ব্রুনো গিমারায়েস ও লুকাস পাকেতা। মরক্কোর বিপক্ষে ছন্দে না থাকলেও কাসেমিরো ও পাকেতাকে আরেকটি সুযোগ দিয়েছেন আনচেলত্তি।

ব্রাজিলের জন্য বড় অনুপস্থিতি আগের মতোই নেইমার। কাফ ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় তিনি দলের সঙ্গে ফিলাডেলফিয়ায় আসেননি। এক মাসের বেশি সময় ধরে মাঠের বাইরে থাকা নেইমার নিউ জার্সিতেই পুনর্বাসন চালিয়ে যাচ্ছেন।

হাইতিও নিজেদের একাদশে দুই পরিবর্তন এনেছে। স্কটল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে হারের পর এবার রক্ষণে জ্যঁ-কেভিন দুভের্নে এবং আক্রমণে জোসুয়ে কাসিমিরকে শুরু করিয়েছে তারা। বাদ পড়েছেন লুইসিয়াস ডিডসন ও উইলসন ইসিদর।

ব্রাজিলের একাদশ: আলিসন; দানিলো, গাব্রিয়েল মাগালিয়াইস, মারকিনিয়োস, দগলাস সান্তোস; কাসেমিরো, ব্রুনো গিমারায়েস, লুকাস পাকেতা; মাতেউস কুনিয়া, রাফিনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র।

হাইতির একাদশ: জনি প্লাসিদ; কারলেনস আকরুস, রিকার্দো আদে, হানেস দেলক্রোয়া, মার্টিন এক্সপেরিয়েন্স, জ্যঁ-কেভিন দুভের্নে; জ্যঁ-রিকনার বেলেগার্দ, দানলে জ্যঁ জাক; রুবেন প্রোভিডেন্স, জোসুয়ে কাসিমির, ফ্রানৎসি পিয়েরো।