জাতীয় দল থেকে অবসরের ইঙ্গিত মার্তিনেজের

বিশ্বকাপ ফাইনালে স্পেনের একের পর এক আক্রমণ ঠেকিয়ে আর্জেন্টিনাকে শেষ পর্যন্ত লড়াইয়ে রেখেছিলেন এমিলিয়ানো মার্তিনেজ। তবে ফেরান তোরেসের একমাত্র গোলে স্বপ্নভঙ্গের দুদিন পর জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন আর্জেন্টিনার এই গোলরক্ষক।
দেশে ফেরার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি বার্তা দিয়েছেন মার্তিনেজ। সেখানে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জিততে না পারার হতাশার পাশাপাশি নিজের ভবিষ্যৎ নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি।
মার্তিনেজ লিখেছেন, ‘স্বপ্ন দেখেছিলাম আমরা আবারও জিতব। ট্রফিটি আর্জেন্টিনায় ফিরিয়ে এনে আরও একবার ইতিহাস গড়ব।’
এরপরই জাতীয় দলে তার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ানো কথাটি বলেন ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক। তিনি লেখেন, ‘এই যন্ত্রণা ব্যাখ্যা করা কঠিন। অনেক কিছু নিয়ে ভাবতে হবে। সামনে কীভাবে এগোব এবং সরে দাঁড়ানোর সময় হয়েছে কি না, সেটিও দেখতে হবে।’
দেশ ও সতীর্থদের জন্য নিজের সর্বোচ্চটা দেওয়ার কথাও জানিয়েছেন মার্তিনেজ। তাঁর ভাষায়, ‘আমি সত্যিই খুব দুঃখিত। দেশ ও সতীর্থদের সাহায্য করতে সর্বোচ্চ চেষ্টা করেছি।’
তবে মার্তিনেজ এখনো আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেননি। তার বক্তব্য থেকে বোঝা যাচ্ছে, আবেগ থিতিয়ে যাওয়ার পর আর্জেন্টিনা দলে নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন তিনি।
স্পেনের বিপক্ষে ফাইনালে ১১টি সেভ করেছিলেন মার্তিনেজ, যা বিশ্বকাপ ফাইনালের রেকর্ড। তার অসাধারণ পারফরম্যান্সেই ম্যাচ অতিরিক্ত সময় পর্যন্ত গোলশূন্য ছিল। শেষ পর্যন্ত ১০৬ মিনিটে তোরেসের গোলটি আর ঠেকাতে পারেননি তিনি
আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত ৬৭ ম্যাচ খেলেছেন মার্তিনেজ। তাঁর সময়ে কোপা আমেরিকার দুটি শিরোপা, বিশ্বকাপ ও ফিনালিসিমা জিতেছে আলবিসেলেস্তেরা। বিশ্বকাপ হারের পর এবার সেই সোনালি প্রজন্মের অন্যতম নায়কের ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়ল।
.png)






