ফিলিস্তিনের পাশে থাকায় স্পেনের বিশ্বকাপ জয়ে উচ্ছ্বসিত ইরান

আর্জেন্টিনাকে হারিয়ে স্পেনের বিশ্বকাপ জয়ে অভিনন্দন জানিয়েছে ইরান। তেহরানের দাবি, এই সাফল্য শুধু স্প্যানিশদের নয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নীতির বিরোধিতা করা বিশ্বের বহু মানুষের মনেও আনন্দ এনে দিয়েছে।
বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জেতে স্পেন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের সমর্থন পেতে দেখা যায় নতুন বিশ্বচ্যাম্পিয়নদের। গাজায় ইসরায়েলের যুদ্ধ এবং ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক অভিযানের সমালোচনায় স্প্যানিশ সরকারের অবস্থানকেই এর অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।
অন্যদিকে আর্জেন্টিনার পক্ষে অবস্থান নিয়েছিলেন ইসরায়েলের বেশ কয়েকজন রাজনীতিক ও ফুটবল সমর্থক। দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলে ইসরায়েলের নীতির প্রকাশ্য সমর্থক হওয়ায় ফাইনালের আগে এই রাজনৈতিক বিভাজন আরও স্পষ্ট হয়ে ওঠে।
ইরানের পার্লামেন্ট স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ সোমবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে বলেন, ‘ফিলিস্তিনি জনগণের পক্ষে স্পেনের খেলোয়াড়দের অবস্থান এবং ইরানের প্রতি দেশটির সমর্থন দেখিয়েছে, স্বাধীনতা ও দৃঢ়তা সেই বুদ্ধিমান ও সম্মানিত জাতির বৈশিষ্ট্য।’
স্পেনের বিশ্বকাপ জয় শুধু দেশটির মানুষকেই আনন্দিত করেনি বলে মন্তব্য করেন গালিবাফ। তিনি বলেন, ‘এই জয় বিশ্বের বহু স্বাধীন, মুক্ত ও ন্যায়বিচারপ্রত্যাশী জাতির হৃদয়ও আনন্দে ভরিয়ে দিয়েছে।’
এর আগে স্পেনকে অভিনন্দন জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। সাম্প্রতিক মাসগুলোতে আগ্রাসন, নিপীড়ন ও গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে স্পেনের অবস্থানকে মূল্যবান বলে উল্লেখ করেন তিনি।
স্প্যানিশ সরকার দীর্ঘদিন ধরেই গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের কড়া সমালোচনা করে আসছে। একই সঙ্গে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নীতিরও বিরোধিতা করেছে মাদ্রিদ। সেই রাজনৈতিক অবস্থানের কারণে বিশ্বকাপ ফাইনালে স্পেনের প্রতি বিভিন্ন দেশের মানুষের বাড়তি সমর্থন তৈরি হয়েছিল বলে মনে করছে ইরান।
.png)





