logo

পুলিসিক-ম্যাকেনিদের নিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দল ঘোষণা

পুলিসিক-ম্যাকেনিদের নিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দল ঘোষণা
যুক্তরাষ্ট্র ফুটবল দল। ছবি: সংগৃহীত

ঘরের মাঠের বিশ্বকাপ সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। নিউইয়র্কের পিয়ার ১৭-তে ব্রুকলিন ব্রিজকে পেছনে রেখে জমকালো আয়োজনে দল প্রকাশ করে ইউএস সকার। স্বাগতিকদের দলে আছেন ক্রিস্টিয়ান পুলিসিক, টাইলার অ্যাডামস, ওয়েস্টন ম্যাকেনি, জিও রেইনা, সের্হিনো ডেস্ট ও ফোলারিন বালোগানের মতো পরিচিত মুখেরা।

দলটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলেও ফিফায় চূড়ান্ত তালিকা জমা দেওয়ার শেষ সময় ১ জুন। এরপরও গুরুতর চোট বা অসুস্থতার ক্ষেত্রে প্রথম ম্যাচের ২৪ ঘণ্টা আগে পর্যন্ত খেলোয়াড় বদলের সুযোগ থাকবে।

যুক্তরাষ্ট্র এবার বিশ্বকাপের তিন স্বাগতিকের একটি। তাদের মিশন শুরু হবে ১২ জুন, ক্যালিফোর্নিয়ার ইঙ্গলউডে প্যারাগুয়ের বিপক্ষে। গ্রুপ ডি-তে যুক্তরাষ্ট্রের অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও তুরস্ক। ১৯ জুন সিয়াটলে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে তারা, আর ২৫ জুন ইঙ্গলউডেই তুরস্কের মুখোমুখি হবে স্বাগতিকরা।

দলে সবচেয়ে আলোচিত নামগুলোর একটি জিও রেইনা। ক্লাব ফুটবলে নিয়মিত খেলার অভাব এবং ২০২২ বিশ্বকাপ-পরবর্তী বিতর্কের কারণে তার জায়গা নিয়ে প্রশ্ন ছিল। তবু প্রতিভার বিবেচনায় তাকে দলে রেখেছেন কোচ মাউরিসিও পচেত্তিনো। সাম্প্রতিক ক্যাম্পে না থাকলেও শেষ পর্যন্ত জায়গা পেয়েছেন ক্লাব আমেরিকার অ্যাটাকিং মিডফিল্ডার আলেহান্দ্রো জেনদেহাসও।

চমক আছে বাদ পড়াদের তালিকাতেও। লিওঁ মিডফিল্ডার ট্যানার টেসম্যান, রিয়াল সল্ট লেকের দিয়েগো লুনা ও মিডলসব্রোর এইডান মরিস জায়গা পাননি। এর মধ্যে টেসম্যানের বাদ পড়াকেই বড় চমক হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক ক্যাম্পে নিয়মিত থাকা এই মিডফিল্ডার চোট ও ফর্মের কারণে শেষ পর্যন্ত বিশ্বকাপের দৌড় থেকে ছিটকে গেছেন।

দল ঘোষণার অনুষ্ঠানে ২৬ জনের মধ্যে উপস্থিত ছিলেন না শুধু ক্রিস রিচার্ডস। ক্রিস্টাল প্যালেসের এই ডিফেন্ডার উয়েফা কনফারেন্স লিগ ফাইনালের প্রস্তুতির কারণে লন্ডনে ছিলেন। তবে ভিডিও বার্তার মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন তিনি। পরে জর্জিয়ায় দলের সঙ্গে তার যোগ দেওয়ার কথা।

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্র দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ৩১ মে শার্লটে সেনেগালের বিপক্ষে, এরপর ৬ জুন শিকাগোতে জার্মানির মুখোমুখি হবে তারা। তারপর দল যাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, যেখানে ইরভাইনে চূড়ান্ত প্রস্তুতি নেবে স্বাগতিকরা।

যুক্তরাষ্ট্রের ২৬ সদস্যের বিশ্বকাপ দল

গোলরক্ষক: ম্যাট ফ্রিজ, ম্যাট টার্নার, ক্রিস ব্র্যাডি

সেন্টার ব্যাক: ক্রিস রিচার্ডস, টিম রিম, মার্ক ম্যাকেঞ্জি, অস্টন ট্রাস্টি, মাইলস রবিনসন

ফুলব্যাক: অ্যান্টোনি রবিনসন, সের্হিনো ডেস্ট, অ্যালেক্স ফ্রিম্যান, জো স্ক্যালি, ম্যাক্স আরফস্টেন

মিডফিল্ডার: টাইলার অ্যাডামস, ওয়েস্টন ম্যাকেনি, ক্রিস্টিয়ান রোলডান, সেবাস্তিয়ান বারহাল্টার

অ্যাটাকিং মিডফিল্ডার/উইঙ্গার: ক্রিস্টিয়ান পুলিসিক, টিম ওয়েয়া, মালিক টিলম্যান, জিও রেইনা, ব্রেন্ডেন অ্যারনসন, আলেহান্দ্রো জেনদেহাস

স্ট্রাইকার: ফোলারিন বালোগান, রিকার্দো পেপি, হাজি রাইট