ফিফা প্রেসিডেন্টের বিরুদ্ধে তদন্তের দাবি

আন্তর্জাতিক ফুটবলে পক্ষপাতিত্বের অভিযোগে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি উঠেছে। বিশ্বকাপে বিতর্কিত কিছু সিদ্ধান্ত, বিশেষ করে ফোলারিন বালোগুনের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিতের ঘটনাকে কেন্দ্র করে এ দাবি তুলেছে ইউরোপীয় পার্লামেন্টের একদল আইনপ্রণেতা।
মঙ্গলবার (৮ জুলাই) তারা ফিফা সভাপতির ভূমিকা খতিয়ে দেখতে বিশেষ উদ্যোগ নেন। এ লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য দেশের ফুটবল অ্যাসোসিয়েশনকে একটি চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে ফিফার কথিত পক্ষপাতমূলক আচরণের বিরুদ্ধে সমন্বিতভাবে আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। ইউরোপীয় নীতিনির্ধারকদের মতে, বিশ্বকাপের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা রক্ষায় এখনই উদ্যোগ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্ত কীভাবে নেওয়া হয়েছে, তা নিয়ে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তেরও দাবি জানানো হয়েছে।
বিতর্কের সূত্রপাত গত সপ্তাহে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে এক ম্যাচে। ওই ম্যাচে সরাসরি লাল কার্ড দেখেন বালোগুন। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ওই সিদ্ধান্তকে ‘অন্যায়’ বলে মন্তব্য করেন। এর কিছু সময় পরই ফিফা একটি বিশেষ আইনি বিধান প্রয়োগ করে বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিত করে।
এ ঘটনায় আরও বিতর্ক তৈরি হয়েছে ট্রাম্প ও ইনফান্তিনোর কথিত ফোনালাপের খবরে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, ট্রাম্প ফোন করে ইনফান্তিনোকে ‘একটি বড় অন্যায়ের অবসান’ ঘটানোর জন্য ধন্যবাদ জানান। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই নিশ্চিত বক্তব্য দেয়নি।
ফিফার এই সিদ্ধান্ত ইউরোপজুড়ে সমালোচনার জন্ম দিয়েছে। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা একে ‘নজিরবিহীন, অবিশ্বাস্য এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছে।
এদিকে, ২০২৬ বিশ্বকাপে রেফারিং, বিতর্কিত সিদ্ধান্ত, সম্ভাব্য রাজনৈতিক প্রভাব এবং স্পন্সর-সংশ্লিষ্ট বিভিন্ন অভিযোগও পর্যালোচনার আওতায় আনতে চায় ইউরোপীয় পার্লামেন্টের সংশ্লিষ্ট আইনপ্রণেতারা।





