Advertisement

আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণে দর্শকের নতুন রেকর্ড

এশিয়া পোস্ট স্পোর্টস
আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণে দর্শকের নতুন রেকর্ড
ছবি: রয়টার্স

মাঠের লড়াইয়ে নাটকীয়তা ছিল শেষ মুহূর্ত পর্যন্ত। টেলিভিশনের পর্দাতেও তার প্রতিফলন ঘটেছে। আর্জেন্টিনা ও ইংল্যান্ডের বিশ্বকাপ সেমিফাইনাল যুক্তরাষ্ট্রে দর্শকসংখ্যার নতুন রেকর্ড গড়েছে।

ফক্স স্পোর্টসের ইংরেজি ভাষার সম্প্রচারে ম্যাচটি গড়ে দেখেছেন ১ কোটি ৫০ লাখ ৬৩ হাজার দর্শক। ম্যাচের সবচেয়ে উত্তেজনাপূর্ণ সময়ে দর্শকসংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ২ কোটি ২১ লাখ ৭৭ হাজারে। যুক্তরাষ্ট্রে ইংরেজি ভাষায় সম্প্রচারিত বিশ্বকাপ সেমিফাইনালের ইতিহাসে এটিই সর্বোচ্চ।

রেকর্ডটি ভেঙেছে মাত্র এক দিন আগে গড়া আরেকটি রেকর্ড। স্পেন ও ফ্রান্সের প্রথম সেমিফাইনাল গড়ে দেখেছিলেন ১ কোটি ১৪ লাখ ৬২ হাজার দর্শক। আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে সেই সংখ্যা বেড়েছে প্রায় ৩১ শতাংশ।

২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালগুলোর তুলনায় এবারের দর্শকসংখ্যার উল্লম্ফন আরও বড়। সেবার যুক্তরাষ্ট্রে সেমিফাইনালের গড় দর্শক ছিল ৬৫ লাখ ৩১ হাজার। সেই হিসাবে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের দর্শক দ্বিগুণেরও বেশি।

শুধু যুক্তরাষ্ট্র নয়, যুক্তরাজ্যেও বিপুলসংখ্যক মানুষ ম্যাচটি দেখেছেন। বিবিসি ওয়ান ও বিবিসি আইপ্লেয়ারে ম্যাচটির গড় দর্শক ছিল ২ কোটি ২১ লাখ। সর্বোচ্চ সময়ে সেই সংখ্যা পৌঁছায় ২ কোটি ৪০ লাখে। ওই মুহূর্তে যুক্তরাজ্যে টেলিভিশন দেখা মানুষের ৮৫ শতাংশই ছিলেন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে।

২০২৬ সালে যুক্তরাজ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি দেখা সরাসরি টেলিভিশন অনুষ্ঠানও এটি। একই সঙ্গে ইউরো ২০২০ ফাইনালের পর বিবিসির কোনো সরাসরি সম্প্রচনে এটিই সর্বোচ্চ দর্শকসংখ্যা।

দর্শকদের আগ্রহের প্রতিদানও দিয়েছে দুই দল। অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে যাওয়া ইংল্যান্ড জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। কিন্তু শেষ দিকে লিওনেল মেসির দুটি অ্যাসিস্ট থেকে গোল করেন এনজো ফার্নান্দেজ ও লাওতারো মার্তিনেজ। নাটকীয়ভাবে ২-১ ব্যবধানের জয় নিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপের ফাইনালে ওঠে আর্জেন্টিনা।

নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে এবার স্পেনের মুখোমুখি হবে মেসির দল। দুই সেমিফাইনালের দর্শক রেকর্ডের পর আর্জেন্টিনা-স্পেন ফাইনাল সম্প্রচারের রেকর্ডও নতুন করে লেখার অপেক্ষায়।