মিশর ম্যাচের আগে স্কালোনির সতর্কতার বার্তা

এশিয়া পোস্ট স্পোর্টস
মিশর ম্যাচের আগে স্কালোনির সতর্কতার বার্তা
লিওনেল স্কালোনি। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোয় মিশরের মুখোমুখি হওয়ার আগে অতিরিক্ত আত্মবিশ্বাসে ভাসতে রাজি নন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা গ্রুপ পর্বে তিন ম্যাচ জিতে এগোলেও কেপ ভার্দের বিপক্ষে রাউন্ড অব ৩২-এ বড় ধাক্কা খেয়েছিল। অতিরিক্ত সময় পর্যন্ত গড়ানো সেই ম্যাচে ৩-২ গোলে জিতে শেষ ষোলোয় ওঠে আলবিসেলেস্তেরা।

মিশর ম্যাচের আগে আটলান্টায় সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, এবারের বিশ্বকাপ সবার জন্যই কঠিন হয়ে উঠেছে। তার মতে, বড় দলগুলোও নিজেদের প্রত্যাশিত আধিপত্য দেখাতে পারছে না।

স্কালোনির ভাষায়, ‘আমার মনে হয় এই বিশ্বকাপ সবার জন্য খুব জটিল। এখানে পরিষ্কার কোনো ফেভারিট নেই। বিশ্বকাপের আগে যেমন কিছু দলকে খুব স্পষ্ট ফেভারিট মনে হতো, এবার তেমনটা দেখা যাচ্ছে না।’

নিজের ব্যাখ্যায় আর্জেন্টিনা কোচ বলেন, টুর্নামেন্টের পরিস্থিতিও আগের আসরগুলোর মতো নয়। খেলোয়াড়রা মৌসুমজুড়ে অনেক ম্যাচ খেলেছে, ক্লান্তির প্রভাব পড়ছে মাঠে। ভ্রমণ, গরম, ভেন্যু, ঘাস ও বলের গতি, সবকিছুই দলগুলোর স্বাভাবিক খেলা কঠিন করে তুলছে।

স্কালোনি বলেন, ‘চার-পাঁচটি বড় ফেভারিট দল আছে ঠিকই, কিন্তু তারাও সেই ফুটবল দেখাতে পারছে না, যা বিশ্বকাপের আগে আমরা আশা করেছিলাম।’

তবে আর্জেন্টিনার পারফরম্যান্স নিয়ে খুব অসন্তুষ্ট নন তিনি। স্কালোনির মতে, চার ম্যাচ জেতা সন্তুষ্টির কারণ। তবে জয় এলেও উন্নতির জায়গা সব সময় থাকে।

কেপ ভার্দের বিপক্ষে কঠিন ম্যাচের প্রসঙ্গ টেনে স্কালোনি বলেন, সব সময় সুন্দর ফুটবল খেলা যায় না। কখনো চরিত্র, লড়াই ও মানসিক শক্তিই দলকে বাঁচায়।

তাঁর কথা, ‘যখন ম্যাচ আপনার মতো যাচ্ছে না বা প্রতিপক্ষ কঠিন করে তুলছে, তখন চরিত্র, তীব্রতা আর আমাদের ডিএনএতে থাকা মানসিকতার আশ্রয় নিতে হয়। শেষ ম্যাচে যদি আমরা চরিত্র না দেখাতাম, তাহলে এখন টুর্নামেন্টের বাইরে থাকতাম।’