Advertisement

আজকের গোলে জীবনের নতুন ইতিহাস গড়লেন মেসি

এশিয়া পোস্ট স্পোর্টস
আজকের গোলে জীবনের নতুন ইতিহাস গড়লেন মেসি
ছবি: সংগৃহীত

বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসির ক্যারিয়ারে আরেকটি ঐতিহাসিক রাত। আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামার সঙ্গে সঙ্গেই আর্জেন্টিনার হয়ে ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন তিনি। আর সেই ম্যাচই রাঙালেন গোল করে।

Advertisement

কানসাস সিটি স্টেডিয়ামে গ্রুপ ‘জে’র ম্যাচের ১৭ মিনিটে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। আলজেরিয়া গোলরক্ষক লুকা জিদান বল ছুঁয়েছিলেন, কিন্তু শটের গতি ও বাঁক সামলাতে পারেননি। এর আগে মেসির একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়েছিল।

এই গোল শুধু আর্জেন্টিনাকে লিড এনে দেয়নি, মেসির বিশ্বকাপ রেকর্ডকেও আরও সমৃদ্ধ করেছে। বিশ্বকাপে তাঁর গোলসংখ্যা এখন ১৪। এতে সর্বকালের তালিকায় কিলিয়ান এমবাপ্পে ও গার্ড মুলারের পাশে উঠে গেলেন আর্জেন্টিনা অধিনায়ক। সামনে আছেন রোনালদো নাজারিও ও মিরোস্লাভ ক্লোসে।

ম্যাচটি মেসির জন্য আরেক কারণেও বিশেষ। এটি তাঁর ষষ্ঠ বিশ্বকাপ। ২০০৬ সালে শুরু হওয়া বিশ্বকাপ যাত্রা ২০২৬-এ এসেও থামেনি। আগেই বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড ছিল তাঁর দখলে, এবার সেই রেকর্ড আরও বাড়ালেন তিনি।

এই গোলের আরেকটি বড় তাৎপর্যও আছে। মেসি এখন পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করা বিরল ফুটবলারদের তালিকায়। ২০০৬ বিশ্বকাপে প্রথম গোলের পর ২০১০ সালে তিনি গোল পাননি। তবে ২০১৪, ২০১৮, ২০২২ ও ২০২৬—টানা চার বিশ্বকাপে গোল করলেন আর্জেন্টিনা অধিনায়ক। ছয় বিশ্বকাপে খেলা, ২০০তম আন্তর্জাতিক ম্যাচ এবং সেই ম্যাচে গোল—সব মিলিয়ে আলজেরিয়ার বিপক্ষে রাতটা মেসির রেকর্ডবইয়ে আলাদা জায়গা পাবে।

এছাড়াও সর্বপ্রথম ফুটবলার হিসেবে টানা ৬ বিশ্বকাপে খেলার রেকর্ডও তার দখলে।

আজকের গোলে জীবনের নতুন ইতিহাস গড়লেন মেসি