logo
Advertisement

মাত্র এক গোল হজম করে গোল্ডেন গ্লাভস সিমনের

মাত্র এক গোল হজম করে গোল্ডেন গ্লাভস সিমনের
উনাই সিমন। ছবি: ফিফা

বিশ্বকাপজুড়ে স্পেনের রক্ষণ ছিল প্রায় অপ্রতিরোধ্য। সেই রক্ষণের শেষ প্রহরী হিসেবে অসাধারণ ধারাবাহিকতার স্বীকৃতি পেলেন উনাই সিমন। ২০২৬ বিশ্বকাপের সেরা গোলরক্ষকের গোল্ডেন গ্লাভস জিতেছেন স্পেনের এই ফুটবলার।

Advertisement

আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ে ১-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ জয়ের পর সিমনের হাতে পুরস্কারটি তুলে দেওয়া হয়। আট ম্যাচের মধ্যে সাতটিতে নিজের জাল অক্ষত রেখেছেন ২৯ বছর বয়সী গোলরক্ষক।

পুরো প্রতিযোগিতায় মাত্র একবার সিমনকে পরাস্ত করতে পেরেছে প্রতিপক্ষ। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে একমাত্র গোলটি হজম করেছিলেন তিনি। বিশ্বকাপজয়ী কোনো দল এর আগে পুরো আসরে এত কম গোল হজম করেনি।

ফাইনালেও আর্জেন্টিনাকে দীর্ঘ সময় কোনো সুযোগই দেয়নি স্পেন। লিওনেল মেসির দল ম্যাচে নিজেদের প্রথম শট নেয় ১১৭ মিনিটে। শেষদিকে কিছুটা চাপ তৈরি করলেও সিমনের জালে বল পাঠাতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা।

এবারের বিশ্বকাপে টানা ৬৫০ মিনিট গোল না খেয়ে নতুন রেকর্ডও গড়েছেন সিমন। ১৯৯০ বিশ্বকাপে ইতালির ওয়াল্টার জেঙ্গার ৫১৭ মিনিট জাল অক্ষত রাখার আগের রেকর্ডটি ভেঙে দেন তিনি। বেলজিয়ামের বিপক্ষে গোল খাওয়ার আগে চার দশকের কাছাকাছি পুরোনো রেকর্ডটি অনেক দূরে নিয়ে যান স্প্যানিশ গোলরক্ষক।

গোল ঠেকানোর পাশাপাশি পেছন থেকে স্পেনের আক্রমণ গড়ার কাজেও গুরুত্বপূর্ণ ছিলেন সিমন। অনেকটা অতিরিক্ত ডিফেন্ডারের মতো বক্সের বাইরে এসে বল নিয়ন্ত্রণ এবং ছোট পাসে আক্রমণ শুরু করেছেন তিনি।

ফাইনালে রেকর্ড ১১টি সেভ করে এমিলিয়ানো মার্তিনেজ আলো ছড়ালেও পুরো আসরের ধারাবাহিকতায় তার চেয়ে এগিয়ে ছিলেন সিমন। বিশ্বকাপ ট্রফির পাশাপাশি সেরা গোলরক্ষকের পুরস্কারও তাই যাচ্ছে স্পেনের ঘরে।