দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল নিয়ে উদ্বেগ, কী বলছে পূর্বাভাস

আর্জেন্টিনা ও স্পেনের বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্ক-নিউ জার্সিতে দেখা দিয়েছে মাঠের বাইরের এক উদ্বেগ। কানাডার দাবানল থেকে ভেসে আসা ধোঁয়ায় অঞ্চলটির বাতাস অস্বাস্থ্যকর হয়ে পড়েছে। জারি করা হয়েছে স্বাস্থ্য সতর্কতা। তবে ম্যাচের দিন পরিস্থিতির উন্নতি হতে পারে বলে আশাবাদী আবহাওয়াবিদেরা।
রোববার নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল। পুরোপুরি খোলা এই স্টেডিয়ামে উপস্থিত থাকার কথা ৮০ হাজারের বেশি দর্শকের।
কানাডায় চলমান কয়েক শ দাবানলের ধোঁয়া বাতাসের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়েছে। নিউইয়র্ক ও নিউ জার্সির আকাশে কয়েক দিন ধরেই ধোঁয়াশা দেখা যাচ্ছে, বাতাসেও পাওয়া যাচ্ছে পোড়া গন্ধ।
ইস্ট রাদারফোর্ডে শুক্রবার বায়ুমান সূচক বা একিউআই ১৫০-এর ওপরে উঠেছিল। এই মাত্রার বাতাস সবার জন্যই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। এর আগের দিন পরিস্থিতি আরও খারাপ হয়েছিল। নিউইয়র্কের কয়েকটি জায়গায় বাতাসের মান অতি অস্বাস্থ্যকর পর্যায়েও পৌঁছায়।
নিউ জার্সির স্বাস্থ্য বিভাগ বাসিন্দাদের অপ্রয়োজনে বাইরে না থাকা এবং খোলা জায়গায় পরিশ্রমসাধ্য কাজ কমানোর পরামর্শ দিয়েছে। শিশু, প্রবীণ, অন্তঃসত্ত্বা নারী এবং হাঁপানি, হৃদ্রোগ ও শ্বাসতন্ত্রের সমস্যায় থাকা ব্যক্তিদের বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে।
দাবানলের ধোঁয়ায় থাকা অতিক্ষুদ্র পিএম২.৫ কণা ফুসফুসের গভীরে এমনকি রক্তপ্রবাহেও প্রবেশ করতে পারে। চোখ ও গলা জ্বালা, কাশি, শ্বাসকষ্ট, মাথাব্যথা ও ক্লান্তি এর সাধারণ উপসর্গ। বাইরে থাকা এড়ানো সম্ভব না হলে সঠিকভাবে এন৯৫ বা কেএন৯৫ মাস্ক পরার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
পরিস্থিতি টের পাচ্ছেন স্পেনের খেলোয়াড়েরাও। মিডফিল্ডার মিকেল মেরিনো জানিয়েছেন, বাইরে গেলে ধোঁয়া দেখা ও এর গন্ধ পাওয়া যাচ্ছে। তবে ফাইনালের মতো ম্যাচের আগে বাইরের বিষয় নিয়ে পড়ে না থেকে ফুটবলেই মনোযোগ রাখছেন তারা। স্প্যানিশ ফেডারেশন ও আয়োজকেরা প্রতিটি বিষয় সতর্কতার সঙ্গে দেখছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার অস্বাস্থ্যকর বাতাসের মধ্যেই নিউ জার্সিতে বাইরে অনুশীলন করেছিল স্পেন। উচ্চমাত্রার শারীরিক পরিশ্রমের সময় খেলোয়াড়দের শ্বাস নেওয়ার হার বেড়ে যাওয়ায় দূষিত বাতাসের প্রভাব সাধারণ মানুষের তুলনায় বেশি হতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞেরা।
তবে এখন পর্যন্ত ম্যাচ পেছানো বা স্থানান্তরের কোনো ঘোষণা আসেনি। নির্ধারিত সময়েই ফাইনাল আয়োজনের প্রস্তুতি চলছে।
স্বস্তির খবর দিয়েছে আবহাওয়ার পূর্বাভাস। শনিবার নিউইয়র্ক-নিউ জার্সি অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি বাতাসে জমে থাকা ধোঁয়ার একটি বড় অংশ সরিয়ে দিতে পারে। রোববার একটি শীতল বায়ুপ্রবাহ অঞ্চলটির ওপর দিয়ে চলে যাওয়ার কথা, যা অবশিষ্ট ধোঁয়াও ছড়িয়ে দিতে সাহায্য করবে।
অ্যাকুওয়েদারের পূর্বাভাস অনুযায়ী, ফাইনালের দিন বাতাসের মান পুরোপুরি ভালো পর্যায়ে না গেলেও শনিবারের অস্বাস্থ্যকর অবস্থা থেকে যথেষ্ট উন্নতি হবে। আর্দ্রতাও কমে আসবে। তাদের ধারণা, দাবানলের ধোঁয়া ম্যাচে খুব সামান্য প্রভাব ফেলবে।
তবে দাবানলের তীব্রতা ও বাতাসের গতিপথ দ্রুত বদলাতে পারে। ফলে শেষ মুহূর্ত পর্যন্ত বায়ুমান পর্যবেক্ষণ করতে হবে আয়োজক, দুই দল ও দর্শকদের।
বাংলাদেশ সময় সোমবার রাত ১টায় শুরু হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল। আপাতত ম্যাচ নিয়ে বড় কোনো শঙ্কা না থাকলেও ফাইনালের আগে নিউইয়র্কের আকাশে নজর থাকবে সবার।



