বেলজিয়ামকে সমর্থন না করলে ছেলেকে বাড়িতে ঢুকতে দেবেন না কোর্তোয়া

এশিয়া পোস্ট স্পোর্টস
বেলজিয়ামকে সমর্থন না করলে ছেলেকে বাড়িতে ঢুকতে দেবেন না কোর্তোয়া
থিবো কোর্তোয়া। ছবি: সংগৃহীত

স্পেনের ফুটবলের সঙ্গে থিবো কোর্তোয়ার সম্পর্ক এতটাই গভীর যে দেশটিকে নিজের ‘দ্বিতীয় দেশ’ বলেন বেলজিয়ামের গোলরক্ষক। কিন্তু বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্পেনই যখন প্রতিপক্ষ, তখন পরিবারের মধ্যেও কোনো বিভক্তি রাখতে রাজি নন তিনি।

স্পেনের প্রতি টান থাকা তার ছেলে নিকোলাসকে তাই মজার ছলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন কোর্তোয়া। বেলজিয়ামকে সমর্থন না করলে ছেলেকে বাড়িতে ঢুকতে দেওয়া হবে না বলে রসিকতা করেছেন রিয়াল মাদ্রিদের গোলরক্ষক।

কোর্তোয়া বলেন, ‘আমি আমার দ্বিতীয় দেশের বিপক্ষে খেলব। তবে আমার ছেলে বেলজিয়ামকেই সমর্থন করবে। না হলে সে বাড়িতেই ঢুকতে পারবে না।’

কথাটি যে নিছক রসিকতা, সেটিও সঙ্গে সঙ্গে পরিষ্কার করেন তিনি। কোর্তোয়া বলেন, ‘তবে গুরুত্ব দিয়ে বললে, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্পেনের মুখোমুখি হওয়ার সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত।’

৩৪ বছর বয়সী কোর্তোয়ার পেশাদার জীবনের বড় অংশই কেটেছে স্পেনে। আতলেতিকো মাদ্রিদে খেলার পর ২০১৮ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেন তিনি। রিয়ালের হয়ে এখন পর্যন্ত জিতেছেন ১৪টি শিরোপা।

স্পেনের সঙ্গে তার পারিবারিক সম্পর্কও গভীর। কোর্তোয়ার চার সন্তানের মধ্যে তিনজনের জন্ম দেশটিতে। ছেলে নিকোলাস আবার রিয়াল মাদ্রিদের অনূর্ধ্ব-৯ দলের আক্রমণভাগে খেলে। ফলে স্পেনের প্রতি তার টান থাকাটা অস্বাভাবিক নয়।

ছেলের সাথে কোর্তোয়া
ছেলের সাথে কোর্তোয়া

কিন্তু জাতীয় দলের ম্যাচে কোনো ছাড় দিতে চান না বাবা। বিশেষ করে বেলজিয়ামের সামনে যখন বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার সুযোগ, তখন পরিবারের সমর্থনও নিজের দলের দিকেই চান কোর্তোয়া।

টানা চার বিশ্বকাপে বেলজিয়ামের মূল গোলরক্ষক কোর্তোয়া। এবার তৃতীয়বারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলবেন তিনি। এর আগে ২০১৮ সালে ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল বেলজিয়াম। শেষ চারে ফ্রান্সের কাছে হেরে থেমেছিল তাদের পথ।

কোর্তোয়ার মতে, চলতি বিশ্বকাপে শেষ আটে ওঠার প্রাথমিক লক্ষ্য পূরণ করেছে বেলজিয়াম। এখন থেকে পাওয়া প্রতিটি সাফল্যই তাদের জন্য বাড়তি অর্জন।

তিনি বলেন, ‘আমার মনে হয়, এই বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ওঠা আমাদের লক্ষ্যগুলোর একটি ছিল। এখন থেকে যা কিছু আসবে, সেটি আমাদের জন্য বাড়তি পাওয়া এবং আমরা তা স্বাগত জানাব।’

শেষ ষোলোয় যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে বেলজিয়াম। অন্যদিকে পর্তুগালকে ১-০ গোলে বিদায় করে শেষ আট নিশ্চিত করেছে স্পেন।

মাঠে লড়াইটা যতই কঠিন হোক, কোর্তোয়ার বাড়িতে ম্যাচটির সমর্থন কোন দিকে থাকবে, সেটি অন্তত তিনি আগেই ঠিক করে দিয়েছেন। আর এই ম্যাচের জয়ী দল সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্সের।